বাধ্যতামূলক হিজাব আইন বাতিল ও নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে ইরানে বিক্ষোভরত জনতা এবং সরকারের স্বেচ্ছাসেবী আধাসামিরক বাহিনী বাসিজ মিলিশিয়াদের ওপর অজ্ঞাত বন্দুকধারীদের পৃথক দুটি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশ ও ইসফাহান শহরে বুধবার এই দুই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করা হয়েছে। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, খুজেস্তানের ইজেহ শহরের একটি বাজারে বন্দুক বিক্ষোভকারীদের ওপর হামলায় পাঁচজন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। একটি গাড়িতে করে দুই বন্দুকধারী বাজারে পৌঁছে লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। হামলায় জড়িত সন্দেহে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিক্ষোভকারীদের ওপর ওই হামলার চার ঘণ্টা পর ইরানের তৃতীয় বৃহত্তম শহর ইসফাহানে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে বাসিজ মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে। এতে বাসিজ মিলিশিয়া গোষ্ঠীর দুই সদস্য নিহত ও আরও দুজন আহত হয়েছেন।
সঠিক নিয়মে হিজাব না পরায় ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তারের পর গত ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনি নামে এক তরুণী মারা যান। এই ঘটনার পর থেকে গত দুই মাস ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। গতকাল ৬১তম দিনের মতো বিক্ষোভ হয়েছে। ইরানের জাতিগত আরব সংখ্যালঘুদের বেশিরভাগ খুজেস্তানে বসবাস করেন। সেখানকার সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যরাও মাহসা আমিনি হত্যাকাণ্ডের ঘটনায় শুরু হওয়া বিক্ষোভে যোগ দিয়েছেন।
বিক্ষোভ শুরু হওয়ার পর ইরানে এই ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটলো। গত মাসে ইরানের শিরাজ শহরের এক মাজারে প্রথম সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে। এছাড়া ওই হামলায় আহত হন আরও কয়েক ডজন মানুষ। পরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) শিরাজের মাজারে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলেছে, ইজেহ শহরের একটি স্কুলে সরকারবিরোধী বিক্ষোভকারী আগুন ধরিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, স্কুল ভবনে আগুন জ্বলছে। এ সময় সেখানে গোলাগুলির শব্দও পাওয়া যায়।
ওদিকে, গত দুই মাসে বিক্ষোভে ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় সাড়ে তিনশ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া পাঁচজন বিক্ষোভাকারীকে সহিংসতা ও আল্লাহর প্রতি শুত্রুতার অভিযোগে আদালতে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে।
আরও পড়ুন...
ইরানে হিজাববিরোধী বিক্ষোভের দায়ে দ্বিতীয় মৃত্যুদণ্ড
‘রক্তাক্ত শুক্রবার’ স্মরণে ইরানে ব্যাপক বিক্ষোভ
ধর্মগুরুদের মাথার পাগড়ি ফেলে দিচ্ছে বিক্ষোভাকারীরা, ইরানে নতুন দৃশ্য
ইরানের আন্দোলনের সমর্থনে ভারতেও হিজাবে আগুন
ইরানকে মুক্ত করার ডাক বাইডেনের, পাল্টা হুঙ্কার ইরানি প্রেসিডেন্টের
ইরানে ইসলামি শাসনের মৃত্যুঘন্টা কি বেজে গেছে?
ইসলামি বিপ্লবী বাহিনীর বিরুদ্ধে এবার অপহরণ-ধর্ষণের অভিযোগ
ইরানে এবার জনপ্রিয় শেফকে পিটিয়ে হত্যা নিরাপত্তা বাহিনীর
ইরানের বিক্ষোভকারীদের হুমকি দিল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী
‘হিজাব না পরায় পোশাক খুলতে বাধ্য করে ইরানি পুলিশ’
মাহসার মৃত্যুর ৪০তম দিনে ইরানজুড়ে তুমুল বিক্ষোভ
৪০তম দিনে ইরানের বিক্ষোভ, নিহত প্রায় আড়াইশ
ইরানে এবার স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা, নিহত বেড়ে ২৪০
ইরানে নারী বিক্ষোভকারীদের ওপর পুলিশের যৌন নির্যাতনের অভিযোগ
ইরানে এবার মেয়েদের স্কুলে অভিযান, নিহত বেড়ে ২৩৩