নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও স্কটল্যান্ড। মিসরের সরাম আল-শেখে চলমান জলবায়ু সম্মেলনের সাইড লাইনে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে একমত হন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্কটল্যান্ডের পরিবেশ ও ভূমি সংস্কার মন্ত্রী মাইরি ম্যাকঅ্যালান।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, দুই মন্ত্রী বাংলাদেশের অফশোর বায়ু শক্তি এবং হাইড্রোজেনে জড়িত থাকার সুযোগগুলো উন্মুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বৈঠকে তারা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতদের উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টির গুরুত্বের ওপর জোর দেন।
বৈঠকে মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
কমনওয়েলথ ব্লু চার্টার বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর : কমনওয়েলথ ব্লু চার্টার কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বাড়াতেও অনুরোধ করেছেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, মিসরের শার্ম আল-শেখে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের সঙ্গে বৈঠকে এ আহ্বান ও অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তারা কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোর জলবায়ু বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া সমুদ্র সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পদ্ধতির জন্য কমনওয়েলথ ব্লু চার্টারের কার্যকরী বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করেছেন।
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে দৃষ্টান্ত ও শক্তিশালী চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশকে কমনওয়েলথ ব্লু চার্টারের অধীনে অ্যাকশন গ্রুপগুলোর একটির নেতৃত্ব দেওয়ার প্রস্তাব করেন।
ড. মোমেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও লার্নিং বিষয়ে কমনওয়েলথ সদস্য দেশগুলোর তরুণদের প্রশিক্ষণের জন্য একটি নতুন সুযোগ তৈরি করার কথা জানান। বৈঠকে মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।