টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ নেতার হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘরে থাকা কয়েকটি প্রতিমাও ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার সকালে উপজেলার কষ্টাপাড়া এলাকায় ঘোষপাড়ার সুবাস ঘোষ ও প্রদীপ ঘোষের বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতা খোরশেদ আলম গোবিন্দাসী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ যুবলীগ নেতা খোরশেদ আলমের সঙ্গে সুবাস ঘোষের সঙ্গে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে শুক্রবার সকালে খোরশেদ আলম ও তার ভাই আরশেদ সংখ্যালঘু সম্প্রদায় সুবাসের ও প্রদীপ ঘোষের ঘরবাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে থাকা প্রতিমা ভাঙচুর করে। এতে বাঁধা দিতে গেলে দুর্বৃত্তরা ৫ জনকে পিটিয়ে আহত করে। এদের মধ্যে আহত রতন, নিখিল, আশোক, শান্ত ঘোষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধে হামলার ঘটনাটি আমরা জেনেছি। ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত বলতে পারব।