চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের ১৫৭ নম্বর কক্ষ পরিদর্শনে গিয়ে আবেগপ্লুত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার (১৮ নভেম্বর) '৫৭তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস' উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে চবি ক্যাম্পাসে গিয়ে হলে পরিদর্শনে গেলে এ দৃশ্য দেখা যায়।
এসময় কক্ষে অবস্থানরত ছাত্রদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দেন তথ্যমন্ত্রী। সেই রুমে থাকা তিন ছাত্রকে উপহারও দেন তিনি। হল জীবনের স্মৃতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন তথ্যমন্ত্রী।
স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, এ কক্ষ ছিল আমার দ্বিতীয় আবাসস্থল। বিশ্ববিদ্যালয় জীবনের দীর্ঘ সময় আমি এ কক্ষে থেকেছি। কক্ষের সাথে আমার হাজারো স্মৃতি আছে। দীর্ঘদিন পর এখানে আবারও আসতে পেরে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আমি আবারও সেই পুরনো দিনে ফিরে গেছি।
পরে তিনি সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট কক্ষে হল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। হল কর্তৃপক্ষ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৯৮১-৮২ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তথ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয় জীবনে সোহরাওয়ার্দী হলের ১৫৭ নম্বর কক্ষে থাকতেন তিনি। দীর্ঘ ৪০ বছর পর আবারও সেই স্মৃতিবিজড়িত কক্ষ পরিদর্শনে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায় তাকে।