হোটেলে উরুগুয়ের আসাদো, ব্রাজিল নিয়ে গেছে কফি

বিশ্বকাপ খেলতে কাতারে আসা আর্জেন্টিনা দল সঙ্গে এনেছে ৯০০ কেজি গরুর মাংস। দক্ষিণ আমেরিকায় মাংস খাবারের আয়োজনকে যাকে বলা হয় ‘আসাদো’। আর্জেন্টাইনদের মতো এ মহাদেশের বাকি দেশগুলোর মাঝেও আছে মাংস খাওয়ার প্রচলন। ব্রাজিল দলও তার ব্যতিক্রম নয়। তবে নেইমাররা মাংস এড়িয়ে এনেছে অন্যকিছু।

দ্য ওয়েস্টিনে থেকে বিশ্বকাপ খেলবে ব্রাজিল। সেখানে নিজেদের পছন্দের খাবারের জন্য তারা সঙ্গে এনেছে ব্রাজিলের বিখ্যাত কফি, জনপ্রিয় খাবার সিজনিং এবং ৩৬ কেজি কাসাভা ময়দা, যা দিয়ে তৈরি করা হয় ফারোফা নামের একটি ডিশ।

তবে ব্রাজিল মাংস এড়িয়ে গেলেও এশিয়ার দেশ কাতারে এসেও আসাদো থেকে বিরত থাকতে পারেনি ল্যাটিনদের আরেক দেশ উরুগুয়ে। তারা অবশ্য হোটেলেই আসাদোর আয়োজন করছে। লুইস সুয়ারেজ, এদিনসন কাভানিরা আছেন কাতারের পার্ক হায়াত হোটেলে। সেখানে তাদের পছন্দের খাবার তৈরির জন্য একজন শেফ নিয়োগ দেওয়া হয়েছে।

উরুগুয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি ইগনাসিও আলানসো বলেন, ‘বিদেশে উরুগুয়ের ঐতিহাসিক প্রতিনিধি হচ্ছে ফুটবল দল। এক প্রতিনিধি কাতারে আরেকটি প্রতিনিধিকে নিয়ে গেছে, সেটা হচ্ছে উরুগুয়ের মাংস, যা বিশ্বসেরা।’