নিজেদের গ্রুপকে সহজ ভাবছেন না ডি ইয়ং

বিশ্বকাপে তিনবার রানার্সআপ হয়েছে নেদারল্যান্ডস। কাতারে তারা সেই দুঃখ ঘোচানোর উদ্দেশ্যেই এসেছেন। ডাচদের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন ফ্রাঙ্কি ডি ইয়ং। বিশ্বকাপসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে। সেখানে ডি ইয়ং নিজেদের গ্রুপকে সহজ গ্রুপ ভাবছেন না। তার মতে গ্রুপটি শক্তিশালী।

ডি ইয়ং ইউরো ২০২০ খেলেছেন নেদারল্যান্ডসের হয়ে। বিশ্বকাপে তার প্রত্যাশা কী এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি আশা করছি প্রথম বিশ্বকাপে সুন্দর অভিজ্ঞতা হবে। মুখিয়ে আছি। দলও ভালো কিছু করবে বলে মনে করি। বিশ্বকাপে খেলাটা সবসময় আমার স্বপ্ন ছিল। যেকোনো ফুটবলারের জন্যই বিশ্বকাপে খেলা বড় অর্জন।’

বিশ্বকাপে এ গ্রুপে নেদারল্যান্ডস। তাদের সঙ্গী কাতার, ইকুয়েডর ও সেনেগাল। অনেকে গ্রুপটিকে সহজ ভাবলেও ডি ইয়ংয়ের মত ভিন্ন। ‘ড্রয়ের সময় দেখেছি অনেকে বলেছে আমরা সহজ গ্রুপে। আমি মনে করি গ্রুপটি শক্তিশালী। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে পরের রাউন্ডে যেতে চাইলে। আমি বলব সব দেশই ভালো ফুটবল খেলে।’ বলছিলেন ডি ইয়ং।

বিশ্বকাপ বাছাইয়ে নেদারল্যান্ডস তুরস্কের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল। পরের ৯ ম্যাচে অপরাজিত থাকে তারা। গ্রুপে শীর্ষে থেকেই টিকিট পায় কাতারের। বাছাইয়ে গোল করে ৩৩টি। বিষয়টি নিয়ে ডি ইয়ং বলেন, ‘আমরা কঠিন গ্রুপে পড়েছিলাম। আমাদের সঙ্গে ছিল নরওয়ে, তুরস্কের মতো দল। ফলে অন্তত তিনটি এমন দেশ ছিল যারা বিশ্বকাপে খেলার যোগ্য। খারাপ শুরু করলেও শীর্ষে থেকেই শেষ করতে পারাটা স্বস্তির।’