কাতার বিশ্বকাপে ফিডেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৩ নভেম্বর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটিতে দলের অন্যতম বড় ভরসা করিম বেনজেমার খেলা নিয়ে রয়েছে সংশয়।
হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে বেনজেমার। যে চোটের কারণে গত মাসে রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ২৬ মিনিট খেলতে পেরেছিলেন। সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, বেনজেমার মাঠে নামা নিয়ে সংশয় কাটেনি এখনও। অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত তিনি।
রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়নের মুকুট পড়লেও বেনজেমা ছিলেন না। সেক্সটেপ-কাণ্ডে সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে ব্ল্যাকমেল করার অভিযোগে দলের বাইরে রাখা হয়েছিল তাকে।
ব্যালন ডি’অর জয়ী এ তারকা কাতারে গেছেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে। তবে সেই পথে চোট বাধা হয় কিনা, সেটাই প্রশ্ন এখন।
বিশ্বকাপ শুরুর আগেই চোট ফ্রান্সের বেশ কজন তারকার বিশ্বকাপ শেষ করে দিয়েছে। পল পগবা ও এনগোলো কান্তে আগেই ছিটকে পড়েছিলেন। প্রেসনেল কিমপেম্বেও যোগ দেন সেই তালিকায়। সবশেষ ক্রিস্টোফার এনকুকু ছিটেকে গেছেন চোটের কারণে।