নেশনস লিগের কোয়ার্টার ফাইনালেই স্পেন-ফ্রান্স মহারণ 

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে এবার উয়েফা নেশনস লিগের নকআউটেও ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্সের মহারণ। আজ শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে অনুষ্ঠিত ড্র শেষে তৈরি হয়েছে টানটান উত্তেজনার এক কোয়ার্টার ফাইনাল লাইনআপ, যেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সামনে পড়েছে ফ্রান্স, আর টমাস টুখেলের ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্লিং হালান্ডের নরওয়ে। এ ছাড়া টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল মুখোমুখি হবে নেদারল্যান্ডসের, আর শেষ আটের অন্য লড়াইয়ে জার্মানির প্রতিপক্ষ বেলজিয়াম।

গ্রুপ পর্বে কোনো দলই অপরাজিত থাকতে না পারলেও গ্রুপ সেরা হয়ে বাছাই পটে ছিল ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগাল। গ্রুপ এ-৩-এ স্পেনের মাঠে নাটকীয় ৩-২ গোলের জয়ে গোল ব্যবধানে গ্রুপ সেরা হয় ইংল্যান্ড, আর দ্বিতীয় স্থানে থাকায় স্পেনকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে হবে নিজেদের মাঠে। 

সাম্প্রতিক সময়ে ফ্রান্সের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন; ২০২১ সালের নেশনস লিগ ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জেতার পর থেকে আর কখনোই লা রোহাদের হারাতে পারেনি ফরাসিরা। সর্বশেষ তিনটি দেখাতেই জিতেছে স্পেন, যার মধ্যে গত বছরের নেশনস লিগ সেমিফাইনালে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় এবং গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ সেমিফাইনালে ২-০ গোলের জয় উল্লেখযোগ্য, সেখানে পরে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নও হয় স্পেন।

অন্যদিকে ইংল্যান্ড ও নরওয়ের লড়াইয়েও ফিরছে গত জুলাইয়ের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের স্মৃতি, যেখানে অতিরিক্ত সময়ে জুড বেলিংহ্যামের গোলে ২-১ ব্যবধানে জিতে শেষ চারে উঠেছিল থ্রি লায়ন্সরা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ নরওয়ের মাটিতে খেলবে হ্যারি কেইনের ইংল্যান্ড। এবারের আসরে ৮ গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ইংলিশ অধিনায়ক কেইন, আর ২৫ গোল নিয়ে নেশনস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নরওয়ের হালান্ড। কোয়ার্টার ফাইনালের নরওয়ের একমাত্র দল হিসেবে যাদের এখনো শেষ চারে খেলার অভিজ্ঞতা হয়নি।

বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল এবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই শিরোপা ধরে রাখার নকআউট অভিযানে নামছে নেদারল্যান্ডসের বিপক্ষে; ২০১৯ সালের প্রথম আসরের ফাইনালে ডাচদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগিজরা, আর দুই দলের ১৪ দেখায় নেদারল্যান্ডসের জয় মাত্র একটিতে। কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে সেমিফাইনালে পর্তুগাল বা নেদারল্যান্ডসের সামনে পড়বে স্পেন অথবা ফ্রান্স, অন্যদিকে ইংল্যান্ড বা নরওয়ের প্রতিপক্ষ হবে জার্মানি কিংবা বেলজিয়াম।

২০২৭ সালের ২৫ থেকে ৩০ মার্চের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুই লেগের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে, আর ৯ থেকে ১৩ জুনের মধ্যে বসবে এক লেগের সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল, যার ভেন্যু নির্ধারিত হবে চার সেমিফাইনালিস্ট দেশের দরপত্রের ভিত্তিতে।

একনজরে উয়েফা নেশনস লিগের নকআউট সূচি (২০২৭)

পর্ব

ম্যাচ / লাইনআপ

নির্ধারিত তারিখ

কোয়ার্টার ফাইনাল ১

স্পেন বনাম ফ্রান্স

প্রথম লেগ: ২৫–২৭ মার্চ, ২০২৭



দ্বিতীয় লেগ: ২৮–৩০ মার্চ, ২০২৭

কোয়ার্টার ফাইনাল ২

নরওয়ে বনাম ইংল্যান্ড

প্রথম লেগ: ২৫–২৭ মার্চ, ২০২৭



দ্বিতীয় লেগ: ২৮–৩০ মার্চ, ২০২৭

কোয়ার্টার ফাইনাল ৩

নেদারল্যান্ডস বনাম পর্তুগাল

প্রথম লেগ: ২৫–২৭ মার্চ, ২০২৭



দ্বিতীয় লেগ: ২৮–৩০ মার্চ, ২০২৭

কোয়ার্টার ফাইনাল ৪

বেলজিয়াম বনাম জার্মানি

প্রথম লেগ: ২৫–২৭ মার্চ, ২০২৭



দ্বিতীয় লেগ: ২৮–৩০ মার্চ, ২০২৭

সেমিফাইনাল এ

কোয়ার্টার ফাইনাল ৩ জয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ১ জয়ী

৯–১০ জুন, ২০২৭

সেমিফাইনাল বি

কোয়ার্টার ফাইনাল ৪ জয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ২ জয়ী

৯–১০ জুন, ২০২৭

তৃতীয় স্থান ও ফাইনাল

সেমিফাইনালের পরাজিত ও জয়ী দল

১৩ জুন, ২০২৭

 

সর্বশেষ সর্বাধিক পঠিত