নিজেদের প্রথম ম্যাচে বেনজেমা অনিশ্চিত সেটা আগেই জানা গিয়েছিল। তবে ফ্রান্স দলের চোটের মিছিলকে ভারি করেছেন তিনি, এবার পল পগবার মতো তিনিও ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে। তাতে শিরোপা ধরে রাখার স্বপ্নেও বড় ধাক্কা খেল দিদিয়ের দেশমের দল।
বেনজেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন। তারা বলেছে, ‘পুরো ফ্রান্স দল বেনজেমার বেদনার অংশীদার। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।’
বেনজেমার এমন ছিটকে যাওয়ায় হতাশ ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘আমি বেনজেমার জন্য খুবই বেদনাহত, যে কি না বিশ্বকাপকে মূল্য লক্ষ্য হিসেবে বিবেচনা করছিল। নতুন এই ধাক্কার পরও, আমি দল নিয়ে আত্মবিশ্বাসী। চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সম্ভাব্য সবকিছুই করব।’
বেনজেমার বিকল্প হিসেবে কে দলে আসতে পারেন তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। ধারণা করা হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্শিয়ালকে হয়তো বিশ্বকাপ ধরে রাখার অভিযানে ডাকতে পারেন দেশম।
এর আগে ফ্রান্সের এনগোলো কান্তে, পল পগবা, প্রেসনেল কিমপেম্বে এবং ক্রিস্টোফার এনকুকুর বিশ্বকাপও চোটে পড়ে শেষ হয়ে গেছে।
প্রসঙ্গত, মৌসুমের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছিলেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের বেশির ভাগ ম্যাচ খেলতে পারেননি ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তবে আশা ছিল বিশ্বকাপের আগে ঠিকই সেরে উঠবেন বেনজেমা। ফেরার সেই লড়াইয়ে এগিয়েও গিয়েছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে শনিবার ফের উরুর চোটে পড়ে শেষ হয়ে গেল তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন।