ঘোড়ার গাড়ি আর ঢোল বাজিয়ে নিপুণকে বরণ করলেন শিল্পীরা

আজ সোমবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলন ডাকেন নিপুণ। সাধারণ সম্পাদককে বরণ করতে সদস্যরা ছুটে আসেন এফিডিসিতে। ঢাকঢোল বাজিয়ে ঘোড়ার গাড়িতে করে ফুল নিয়ে আসেন শিল্পীরা। তারা নিপুণকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন। এই খবরে আনন্দে ভাসছে শিল্পী সমিতি। 

এ সময় নিপুণের সঙ্গে আরও ছিলেন সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামনুন ইমন। আরও ছিলেন আরমান, জেসমিন, নিএ তায়েবসহ অনেকেই। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে নিপুণ বলেন, ‘আজ আনন্দে চোখের পাতা ভিজে যাচ্ছে বারবার। এই রায়, এই জয় শিল্পীদের সবার। আমরা সমিতিকে আরও অনেক ভালো কাজ দিয়ে এগিয়ে নিয়ে যাব।’

এদিকে আজকের এ রায় চূড়ান্ত নয় বলে দাবি করেছেন জায়েদ খান। নিপুণের পক্ষে এই রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘নিপুণের রায়ের বিষয়টি যেভাবে ছড়ানো হচ্ছে তাতে ভুল আছে। আদালত কেবল নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন। এটা কিন্তু চূড়ান্ত রায় না।’

এরআগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত। এর ফলে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে আর বাধা নেই। 

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘এখন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। শুনানিতে রায় আমার পক্ষে আসবে কারণ আমি ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক।’

চলতি বছরের ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে। তার জের ধরে মামলা পালটা মামলায় আজ নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।