নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারে ঘুরতে আসা এক কিশোরীকে তিন দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে শুভ চন্দ্র দাস (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
রবিবার (২০ নভেম্বর) দিনগত গভীর রাতে শহরের ডনচেম্বার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শুভ শহরের দেওভোগ মাদরাসা এলাকার জাপানি বাড়ির হরি চন্দ্র দাসের পুত্র। সে বর্তমানে শহরের খানপুর বরফকল মাঠসংলগ্ন এলাকার মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।
নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাঢ়া পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, রবিবার দিনগত গভীর রাতে গণধর্ষণ মামলার আসামি শুভকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কিশোরীকে ৩ দিন আটকে রেখে গণধর্ষণের ঘটনায় গত ৮ নভেম্বর দুপুরে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো তিনজনসহ মোট ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।