ডজন গোলের রাত দেখল বিশ্ব

একটি-দুটি কিংবা হালি নয়, পুরো ডজন গোলের রাত কাটিয়েছে কাতার। যা দেখেছে গোটা বিশ্ব। এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে আমেরিকা। সবাই এখন মগ্ন বিশ্বকাপ ফুটবলে। এই চার মহাদেশ সোমবার রাতে মুখোমুখি হয়েছিল মাঠে। তাদের ফুটবল নৈপুণ্যে ১২ বার বল জড়িয়েছে একে অপরের জালে।

শুরুটা করেছিল ইংল্যান্ড। সমকামিতাকে সমর্থন সম্বলিত আর্মব্যান্ড পরে খেলতে চেয়েছিলেন দলটির অধিনায়ক হ্যারি কেইন। তবে ফিফার কঠোর অবস্থানের কারণে সেটা আর পারেননি। খেলতে নেমেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত আর্মব্যান্ড পরেই। তাতে পারফরম্যান্সেও খানিকটা ভাটা পড়েছে। গোল পাননি ইংলিশ অধিনায়ক। তবে কেইন গোল না পেলেও দাপুটে জয় তুলে নিয়েছে ইংলিশরা। ইরানের সঙ্গে তাদের ম্যাচে বিশ্ব দেখেছে ৮ গোল।

বুকাওয়ে সাকার জোড়া গোলে ছয়বার ইরানের জালে বল জড়িয়েছে ইংলিশরা। বিপরীতে দুই গোল শোধ করে ইরান। দুটিই গোলই করেছেন মেহদী তারেমি।

এ দুই দলের পর নেদারল্যান্ডস ও সেনেগালের ম্যাচটি উত্তেজনার পারদ ছড়ায়। যদিও ম্যাচের এক পর্যায়ে ম্যাচটি গোলশূন্য ড্র হবে বলেই ভেবে রেখেছিলেন। কিন্তু শেষ বেলার জোড়া গোলে এক আসর পর বিশ্বকাপে ফেরা ডাচদের কমলা উচ্ছাস দেখে বিশ্ব। গোল দুটি করেছেন বর্ষসেরা ডাচ ফুটবলার কোডি গ্যাকপো ও ডেভি ক্লাসেন।

রাতের শেষ ম্যাচটি ছিল দুই দলের প্রত্যাবর্তনের। গ্রেট বিটেনের দেশ ওয়েলস বিশ্বকাপে ফিরেছে ৬৪ বছর পর। তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ফিরেছে ৮ বছর পর। প্রত্যাবর্তনের ম্যাচটি তারা স্মরণীয় করেছে ১-১ গোলে ড্রয়ে।

তিন খেলায় ৬ দলের ফুটবল নৈপুণ্যে বিশ্ব দেখল ডজন গোলের একটি রাত। যে রাত শেষে আজ বিকেল ৪ টায় তারা দেখবে ফুটবল জাদুকর লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে সৌদি আরবের ম্যাচ।