ফুটবল সাম্রাজ্যের একটি বড় অংশ জুড়ে কেবল দুটি নামের জয়গান। ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি। কার্যত বুড়োদের কাতারে নাম লেখালেও দুই কিংবদন্তির গোলবন্যার প্রতিযোগিতায় এখনো মুগ্ধ পুরো বিশ্ব। সম্প্রতি রোনালদোর ১০০০ গোলের মাইলফলক ছুঁইছুঁই করার আবহে ফুটবলপ্রেমীদের মনে এখন একটিই প্রশ্ন উঁকি দিচ্ছে, মেসিও কি পৌঁছাতে পারবেন হাজার গোলের অলৌকিক সেই শিখরে? আর যদি পৌঁছানই, তবে সেই ঐতিহাসিক ক্ষণে পৌঁছাতে এই আর্জেন্টাইন মহাতারকার আর কতদিন বা কত ম্যাচ সময় লাগবে?
৯০০ এর পর মেসির দুরন্ত গতি আর হাজার গোলের সমীকরণ
৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার পর থেকে মেসির পায়ের জাদু যেন আরও ক্ষুরধার হয়ে উঠেছে। ৯০০তম গোলের পর শেষ ৩৯ ম্যাচে তিনি লক্ষ্যভেদ করেছেন ৩৬ বার! অর্থাৎ, এই সময়ে তাঁর ম্যাচপ্রতি গোলের গড় দাঁড়িয়েছে ০.৯২-এ। যেখানে ৮০১ থেকে ৯০০তম গোল করতে মেসির লেগেছিল ১২৫ ম্যাচ (গড় ছিল ০.৮০), সেখানে ৯০০-এর কোটা পেরোনোর পর তাঁর গোলের হার আগের চেয়ে স্পষ্টভাবেই বেড়েছে।
বর্তমান হিসাব অনুযায়ী, ক্যারিয়ারে ৯৩৬ গোল নিয়ে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে মেসির আরও ৬৪টি গোল প্রয়োজন। যদি তিনি তাঁর সাম্প্রতিক ম্যাচপ্রতি ০.৯২ গোলের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তবে এই ৬৪ গোল করতে তাঁকে অন্তত আরও ৭০টি ম্যাচ খেলতে হবে। আর মেসি যদি চোটমুক্ত ও ফিট থাকেন, তবে এই সংখ্যক ম্যাচ খেলতে তাঁর আরও প্রায় দুই মৌসুমের মতো সময় লাগবে।
মেসি বনাম রোনালদো: অল-টাইম গোলের টানটান লড়াই
হাজার গোলের এই পরম কাঙ্ক্ষিত রেসে মেসির চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে ১৩৪০ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৯৮১টি। ৯০০ গোলের কোটা পার করার পর শেষ ১০৫ ম্যাচে ৮১টি গোল করেছেন ‘সিআরসেভেন’ (ম্যাচপ্রতি ০.৭৭ গড়)। ১০০০ গোল ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ১৯টি গোল। আল নাসরের হয়ে চলতি মৌসুমেই লিগে এখনও ২৬টি ম্যাচ বাকি রয়েছে। জাতীয় দলের হয়ে মাঠে নামলে বা ক্লাব লিগের এই ধার বজায় রাখলে চলতি মৌসুমেই হয়তো ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে হাজার গোলের মালিক হয়ে যাবেন রোনালদো।
অন্যদিকে, ৩৯ বছর বয়সী মেসির ঝুড়িতে রয়েছে ১১৮১ ম্যাচে ৯৩৬টি গোল। রোনালদো যখন ৯০০ গোল স্পর্শ করেছিলেন, তখন তাঁর লেগেছিল ১২৩৬টি ম্যাচ। কিন্তু মেসি তাঁর চেয়ে ৯৪টি ম্যাচ কম খেলেই ৯০০ গোলের ক্লাবে পা রাখেন। পরিসংখ্যানে মেসি ম্যাচপ্রতি কিংবা বয়সের দিক থেকে এগিয়ে থাকলেও, ক্যারিয়ারের বর্তমান পর্যায়ে ম্যাচ সংখ্যার দিক থেকে রোনালদো কিছুটা এগিয়ে থেকে ১০০০ গোলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন।
স্মৃতির পাতায় দুই মহাতারকার ৯০০তম গোলের মুহূর্ত
২০০২ সালে লিসবনের এক তরুণ থেকে শুরু করে ২০২৪ সালের সেপ্টেম্বরে এসে ইতিহাস গড়েছিলেন রোনালদো। উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে লক্ষ্যভেদ করে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোলের রেকর্ড গড়েন তিনি।
রোনালদোর সেই ঐতিহাসিক মুহূর্তের পর চলতি বছরের ১৯ মার্চ দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের চূড়ায় পা রাখেন মেসি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর ম্যাচে ন্যাশভিল এসসির বিপক্ষে চেজ স্টেডিয়ামে ম্যাচের ৭ম মিনিটে দুর্দান্ত এক গোল করে সিনিয়র ফুটবলে ২১ বছরের ক্যারিয়ারের ৯০০তম গোলটি পূর্ণ করেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই মহাতারকা।
সর্বশেষ ম্যাচচিত্র: মেসি জাদুতে আটলান্টা কুপোকাত
১০০০ গোলের সেই স্বপ্নের দিকে মেসির যাত্রা কেমন চলছে, তার তাজা প্রমাণ মিলল মায়ামির সর্বশেষ ম্যাচেই। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে আজ ৩-১ ব্যবধানের জয়ের রাতে একাই জোড়া গোল এবং প্রথম গোলে প্রত্যক্ষ অবদান রেখে আবারও বিশ্বকে চোখধাঁধানো এক ‘মেসি শো’ উপহার দিলেন এই কিংবদন্তি।
চলতি মৌসুমে এটি মেসির ২৪ ও ২৫ নম্বর গোল। ফলে এমএলএসের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিয়মিত মৌসুমে দু’বার ২৫ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন তিনি। একই সঙ্গে এই জোড়া গোলে তাঁর পেশাদার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৯৩৬-এ।
মেসি জাদুকরের আরেকটি জাদুকরী ফুটবল শো