কুড়িগ্রামে মো. মেহের আলী (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর চরুয়া পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
মেহের আলী কুড়িগ্রাম পৌর শহরের কৃষ্ণপুর চরুয়া পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগকারী বাদীর বড়বোনের সংসার জীবনে সন্তান না হওয়ায় বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করে সুফল না পাওয়ায় অজ্ঞাত পরিচয়ের মাধ্যমে মোবাইলে মেহেদী নামের এক কবিরাজের সঙ্গে পরিচয় হয়। তিনি জিনের বাদশা হিসেবে নিজেকে পরিচয় দেয় এবং জানায় জিনের মাধ্যমে সে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে।
পরবর্তীতে ভিকটিমের গর্ভধারণের বিষয়কে কেন্দ্র করে প্রতারণা মূলক ভাবে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে সে কৌশলে ভিকটিমের পরিবারের বিশ্বাস অর্জন করে তাদের জানায় যে বাড়ির ভেতরে টাকার ব্যাগ আছে, জিনের মাধ্যমে তা উঠিয়ে দেবে, এ কথা কাউকে বলা যাবে না বলে বাড়ির বিভিন্ন জায়গায় তাবিজ কবজ করে। এরপর মেহের আলী (মেহেদী) ভিকটিমের পরিবারের নিকট একটি প্যাকেট দেয় এবং এর ভেতরে স্বর্ণের কয়েন আছে মর্মে জানায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। তবে উক্ত কয়েন তাহাজ্জুদের নামাজের সময় ঘর অন্ধকার করে হাতে মোজা পরে মোমবাতির আলো জ্বালিয়ে দেখতে হবে। তবে স্বর্ণের কয়েন দেওয়ার কথা বলে আরও প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক।
অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে জিনের বাদশা দাবি করা কবিরাজ মেহের আলীকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে চতুরতার সঙ্গে গোল্ড কয়েনের লোভ দেখিয়ে নিজেকে জিনের বাদশা পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা পুলিশ অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জিনের বাদশা পরিচয়দানকারী মেহেদী নামে পরিচয় দেওয়া প্রতারক মেহের আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।