রাজধানীর ইমপালস হাসপাতালে ২০২০ সালের মার্চে মোমেনা হক মুনের কানের অস্ত্রোপচারে কোনো ভুল হয়নি বলে দাবি করেছেন ডা. জাহীর আল আমীন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
তিনি বলেন, বিএমডিসি গঠিত বিশেষ কমিটি তার ও মোমেনা হক মুনের বক্তব্য না নিয়েই মনগড়া রিপোর্ট দিয়েছেন। যার ভিত্তিতে তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিএমডিসি।
অধ্যাপক ডা. জাহীর আল-আমীনের নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করে গত ১৬ নভেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি জারি করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
ভুল চিকিৎসা দেওয়া এবং রোগী মোমেনা হক মুনের প্রতি অবহেলা দেখানোর জন্য ২০ নভেম্বর থেকে এক বছরের জন্য তাকে বরখাস্ত করা হয়।
ডা. আল-আমীন (বিএমডিসি রেজিস্ট্রেশন নং এ-১২৬৮৮) একজন সিনিয়র চিকিৎসক এবং ইএনটি ও হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ।
এছাড়াও তিনি ঢাকার তেজগাঁওয়ে ইমপালস মেডিকেল সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। সংশ্লিষ্ট রোগী সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
সংবাদ সম্মেলনে ডা. আল-আমীন জানান, রোগীর ভুল অপারেশন হয়েছে এটা ঠিক নয়। অপারেশন অত্যন্ত সফলভাবে হয়েছে যার প্রমাণ রোগীর এখন পর্যন্ত যে টিউমারের জন্য অপারেশন করা হয়েছিল তা থেকে মুক্ত আছেন। রোগীর মুখ বেঁকে যায়নি।
‘বাংলাদেশ বা বিদেশের যে কোনো ডাক্তার আমার উপস্থিতিতে পরীক্ষা করে দেখুক। তারা যদি বলে রোগীর মুখ বেঁকে গেছে সেটা আমি মাথা পেতে নেব। বাঁকা যদি আমার অদক্ষতার কারণে হয়ে থাকে তার সমস্ত দায়িত্ব আমার। এ ব্যাপারে আপনারা নিজেরাই রোগীর সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে পারেন।’
ডা. জাহির আল-আমীনের কাছে চিকিৎসা নেওয়া বেশ কয়েকজন রোগী তাকে সমর্থন দিয়ে উক্ত সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন।