লুসাইলে বেঁজে উঠেছে বাঁশি। শুরু হয়ে গেছে খেলা। বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে খেলতে নেমেছে আর্জেন্টিনা। শুরুতেই পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। তাতে লিওনেল মেসির দেওয়া গোলে এগিয়ে যায় আকাশি-নীল জার্সিধারীরা।
আরও এক বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন- যা আসব আসব করেও কেটে গেছে ৩৬টি বছর। এ ভাবেই আক্ষেপ আর অপেক্ষা যে প্রজন্মের সন্তাপ বাড়িয়েছে, এ বার তাদের জন্যই মেসির শেষ আরাধনা। আজ নিজের জন্যও মেসির অন্য রকম এক বোধন, অন্য চ্যালেঞ্জ। পারবেন কি মেসি অধরা মাধুরী স্পর্শ করতে। এটাই যে শেষ সুযোগ তাঁর সামনে।
২০১৯ সালের শুরু থেকে এখনও পর্যন্ত ৩৬ ম্যাচে হারের মুখ দেখেনি আর্জেন্তিনা। মাঝে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে। ইতিহাস বলছে, ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে শুধু ইতালির। আজ সৌদি আরবের সঙ্গে ড্র করলেই ইতালির সেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসিরা।
দিনে দিনে মাস্টারক্লাস কোচ হয়ে উঠছেন লিওনেল স্কালোনি। তাঁর তীক্ষ্ণ বুদ্ধিতে ভর করে চলছে আর্জেন্তিনার অপরাজেয় থাকার নজির। এ বার মহামঞ্চে মহাকোচ হওয়ার সুযোগ তাঁর সামনে। দারুণ এক দল নিয়ে কাতারে গিয়েছেন দুই বারের চ্যাম্পিয়নরা। এক দিকে মেসির শেষ বিশ্বকাপ, আর এক দিকে ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর পালা।