লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নির্ধারিত সময়ের আগেই খাতা কেড়ে নেওয়ায় সুমাইয়া বিনতে আনিছ নামে এক পরীক্ষার্থী সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা সদরের করিম উদ্দিন সরকারি পাবলিক কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অসুস্থ পরীক্ষার্থী সুমাইয়া বিনতে আনিছ একই উপজেলা সদরের তুষভান্ডা র মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
হাসপাতালে ভর্তি ওই পরীক্ষার্থী জানান, যথা নিয়মে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক প্রথম পত্র বিষয়ে পরীক্ষা দিচ্ছিলেন তিনি। প্রথমার্ধের এমসিকিউ পরীক্ষার নির্ধারিত সময়ের ৫ মিনিট থাকতেই দায়িত্বে থাকা কক্ষ পরিদর্শক করিম উদ্দিন সরকারি পাবলিক কলেজের শিক্ষক আজিজার রহমান তার উত্তরপত্র কেড়ে নেন। ৫ মিনিট সময় থাকায় উত্তরপত্র না নিতে অনুরোধ জানালে ক্ষেপে যান শিক্ষক আজিজার রহমান।
একপর্যায়ে উত্তরপত্র কেড়ে নিয়ে আজিজার রহমান বলেন ‘উত্তরপত্র কেড়ে নিয়েছি প্রয়োজনে থানায় মামলা করো।’ এটা শুনে নিজ আসনেই সংজ্ঞাহীন হয়ে পড়েন সুমাইয়া। পরে তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ অবস্থায় দ্বিতীয়ার্ধের রচনামূলক পরীক্ষায় অংশ নিতে পারেননি সুমাইয়া। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে অভিযুক্ত আজিজার রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
কালীগঞ্জ ইউএনও আব্দুল মান্নান বলেন, বিনা কারণে নির্ধারিত সময়ের আগে খাতা বা উত্তরপত্র কেড়ে নেওয়ার কোনো নিয়ম নেই। অসুস্থ পরীক্ষার্থীর অভিভাবক মৌখিকভাবে বিষয়টি অবগত করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।