তাহলে কি সৌদির দুই গোলদাতা রোলস রয়েস পাচ্ছেন?

রাজতন্ত্রের দেশ সৌদি আরব বিশ্বকাপ ফুটবলে বড় হৃদয়ের অধিকারি হিসেবে খ্যাত। কেননা টুর্নামেন্টের গোল দাতাদের তারা নানা উপঢৌকনে মোড়িয়ে রাখেন। উপহারটা যতোই দামি হোক, কথা দিলে সেটা তারা রাখেন। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে দুই গোলদাতা কি এবার সেরকম কিছু পেতে যাচ্ছেন? 

বিষয়টা একটু ভেঙ্গেই বলা যাক। সময়টা ১৯৯৪ সাল। যুক্তরাষ্ট্র ছিল সেবারের আয়োজক। আর  মার্কিন মুল্লুকেই প্রথমবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে সৌদি আরব। বৈশ্বিক এই টুর্নামেন্টের অনভিজ্ঞ দলটাকে কেউ বিশেষ আমলে নেওয়ার কথা না। তবুও সেখানে নিজেদের শক্তির জানান দেয় তারা। বেলজিয়ামের বিপক্ষে স্ট্রাইকার সাঈদ আল-ওয়াইরান ৭০ গজ দূর থেকে এমন এক জাদুকরী গোল দিয়েছিলেন, যা দেশটির সর্বকালের সেরা গোল হিসেবে বিবেচিত হয়েছিল। টুর্নামেন্ট শেষে দেশের ফেরার পর তাকে একটি রোলস রয়েস উপহার দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন এক ভক্ত।

কাতার বিশ্বকাপেও জাদুকরী আর অবিশ্বাস্য দুটি গোল করেছেন সৌদি আরবের আল দাওসার ও আল শেহরির। মাত্র তিনটি সুযোগ পেয়েছিল তারা গোল করার জন্য। দুটিই তারা কাজে লাগিয়েছিল। আরব দেশটির অ্যাটাক দেখে মনে হয়েছিল যেন গ্রহ নক্ষত্র এক হয়েছিল আর্জেন্টিনাকে হারানোর জন্য। দাওসার ও শেহরি সেই সুযোগে আদায় করে নেন গোল।

গোলদাতাদের সৌদি আরবে পুরস্কৃত করার নজির রয়েছে। তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক, এই দুই গোলদাতা কি তবে উপহার হিসেবে রোলস রয়েস পাচ্ছেন?