নামের জন্য ম্যাচসেরা হয়েছেন বলে মনে করেন ব্রুইন

বিশ্বকাপে বেলজিয়াম ফেভারিটের তালিকায়। ফিফা র‌্যাংকিংয়ে দুই নম্বরে অবস্থান তাদের। শিরোপা জেতার সামর্থ্যও তাদের রয়েছে। অন্যদিকে কানাডা বিশ্বকাপ খেলতে এসেছে ৩৬ বছর পর। প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে বেলজিয়ানরা। কিন্তু পুরো সময়জুড়ে কানাডা যে আক্রমণ দেখিয়েছে, তাতে লুকাকো ভক্তদের হাড়ে কাঁপুন ধরিয়ে দিতে পারে। তাছাড়া চেনা ছন্দে দেখা যায়নি ডি ব্রুইনকে। তবু ম্যাচসেরা পুরস্কার উঠেছে তার হাতেই।

ম্যাচসেরার পুরস্কার পেলেন কি করে তা নিজেই বুঝে উঠতে পারছেন না বেলজিয়ামের এই তারকা। কারণ ম্যাচ শেষে তিনি নিজেই জানিয়েছেন, নিজের খেলা নিয়ে তিনি সন্তুষ্ট নন। ম্যানচেস্টার সিটি সহ-অধিনায়ক মনে করেন, ভালো না খেললেও স্রেফ নামের জন্যই তাকে পুরস্কারটি দেওয়া হয়েছে।

সেরা খেলোয়াড় হয়ে যেন তা নিজেরই বিশ্বাস হচ্ছিল না ডে ব্রুইনের। সংবাদ সম্মেলনেও তা লুকালেন না ৩১ বছর বয়সী এই ফুটবলার, ‘আমার মনে হয় না যে, আমি একটা দুর্দান্ত ম্যাচ খেলেছি। আমি জানি না, কেন আমি ট্রফিটা (সেরা খেলোয়াড়ের খেতাব) পেলাম- হয়তো আমার নামের কারণেই। আমরা দল হিসেবে ভালো খেলিনি, বিশেষ করে প্রথমার্ধে। আমি মনে করি না, আমরা একটি ভালো ম্যাচ খেলেছি। এর মধ্যে আমিও আছি, তবে আমরা জয়ের একটি পথ খুঁজে বের করে নিয়েছি।’

ম্যাচে তিনি ৩৩টি পাসের মাত্র ২৩টি সম্পন্ন করতে পেরেছেন (৭০ শতাংশ)। গোলের চারটি সুযোগ অবশ্য তৈরি করেছেন, অন্য কোনো সতীর্থ অবশ্য একটির বেশি পারেননি। আহমেদ বিন আলি স্টেডিয়ামে রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে বেলজিয়াম। ২০১৮ বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টদের খুব ভুগিয়েছে কানাডা।