চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা খুন, স্ত্রী আটক

চট্টগ্রাম নগরীতে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মকর্তা খুন হয়েছেন। নগরীর পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া (সুন্নিয়া মাদ্রাসা) নিজাম কলোনিতে বুধবার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতের মাওলানা মু. আব্দুল মান্নান (৫৮)। তিনি ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি উপজেলার কর্মকর্তা ছিলেন। নগরের নাজিরপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ জানায়, নিজ স্ত্রী ও সন্তানরা আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল মান্নানের স্ত্রী খাদিজা বেগমকে আটক করেছে।

নিহত আব্দুল মান্নান ইসলামিক ফাউন্ডেশন ফটিকছড়ি শাখার মডেল কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের বাঘমারা পুকুরের পূর্ব পাশে বুড়িপুকুর পাড় এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার জানান, পারিবারিক বিরোধের জেরে গতকাল গভীর রাতে স্ত্রী এবং সন্তানরা মিলে আব্দুল মান্নানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তিনি বলেছেন তিনি নিজেই তার স্বামীকে হত্যা করেছেন। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।