বলিউডের সুবিখ্যাত রেকর্ড কোম্পানী সারেগামা থেকে প্রকাশিত হলো বাংলাদেশের আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলাক ও ভারতের নন্দিতশিল্পী প্রিয়ংবদা ব্যানার্জির “মেরা কুছ সামান” । ১৯৮৭ সালে এই রেকর্ড কোম্পানী থেকে ইজাজত ছবির মূল গান প্রকাশিত হয়েছিল যার কন্ঠশিল্পী ছিলেন আশা ভোঁসলে, সুরকার আর.ডি.বর্মণ এবং গীতিকার গুলজার। গুলজারের নির্দেশনায় সিনেমায় অভিনয় করেছিলেন নাসির উদ্দিন শাহ, রেখা , অনুরাধা পাটেল ও শশী কাপুর। মেরা কুছ সামান গানটির জন্য গুলজার তার জীবনের প্রথম শ্রেষ্ঠ গীতিকার ও আশা ভোঁসলে শ্রেষ্ঠ কন্ঠশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার পান। এতো বছর পরেও এ গান মানুষের কানে লেগে আছে। ৩৫ বছর পর এই গানের সফলতাকে উৎযাপন করতে সারেগাম এই গানটি নতুন করে গত ১৮ই নভেম্বর প্রকাশ করলো।
এ সম্পর্কে পোলাক বলেন, গোট গানটি প্রেম, অনুশোচনা এবং হারানো স্মৃতির কাব্যিক বার্তা। গুলজার সাহেবের লিখা ভগ্নহৃদয়ের লিপিমাল্যটি নন্দিত সংগীত শিল্পী প্রিয়ংবদা ব্যানার্জি ও আমি একত্রে পরিবেশিত করতে পেরে আনন্দিত। এটা বলতেই হয়, সারেগামা কোম্পানিটি ভারতীয় সংগীতের এক অমূল্য ধনভান্ডার। ভারতের প্রায় সকল ভাষায় তাদের সংগীতে রথী মহারথীদের নিয়ে যে সংকলন রয়েছে তা, অবাক করবার মতন। তবে আমি সত্যিই আনন্দিত যে, এমন একটি সম্মানিত পরিবেশনায় সারেগামা থেকে ফিচারিং আর্টিস্ট হবার সৌভাগ্য আমার হলো এই কাজের মাধ্যমে। আর আমি আশাবাদী, বাংলাদেশী শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে সম্মানিত, সমাদৃত ও তাদের প্রতিভার মূল্যায়ণ হচ্ছে, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গানচিত্রে আবৃত্তির সাথে গান গেয়েছেন সংগীতশিল্পী প্রিয়ংবদা ব্যানার্জি। গানটি পুনবির্নাস করেছেন সৌম্যজিত দাস , সংগীতায়জন করেছেন সৈকত বিশ্বাস গোবলো, রেকর্ড করেছেন বিজয় দয়াল মুম্বাইয়ের ইয়াশরাজ স্টূডিও তে । গান-চিত্রটি নির্দেশনা দিয়েছেন স্বপ্নীল সজীব, চিত্রগ্রহন করেছেন শুভদীপ। সারেগামা এর অফিশিয়াল ইউটিউব পেজ এ গানচিত্র দেখা যাবে।