লম্বা বিরতি ভেঙে ফের নাটকের জন্য গান গাইলেন সংগীতশিল্পী এস আই টুটুল। ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি থাকছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনার নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন সজিব দাস।
এস আই টুটুল বলেন, ‘অনেকদিন পর নাটকের জন্য গান গাইলাম। এর কথা ও সুর আমার ভালো লেগেছে। কবির বকুলের লেখা বরাবরই আলাদা আবেদন তৈরি করে। সজিব দাস সুন্দর সংগীতায়োজন করেছেন। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘নাটকের গল্প ও আবহের সঙ্গে গানটির বিশেষ সম্পর্ক রয়েছে। গানটির জন্য এমন একজন কণ্ঠশিল্পী চেয়েছিলাম, যার কণ্ঠে আবেগ ও দরদ ফুটে উঠবে। এস আই টুটুলের কণ্ঠ আমার কাছে সেই জায়গা থেকে উপযুক্ত মনে হয়েছে। তার গায়কিতে গানটি আরও প্রাণবন্ত হয়েছে।’
নাটকটির গল্পের আবহের সঙ্গে মিল রেখেই তৈরি হয়েছে ‘তুমি ছাড়া’। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।