বিদেশ থেকে অবৈধভাবে আনা ১৭টি ব্রাউন পেঁচা (পাখি) গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আফ্রিকার মালি থেকে অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া আসা ১৭টি ব্রাউন প্রজাতির পেঁচা জব্দ করে বিমান বন্দর কাস্টম কর্তৃপক্ষ।
এনওসি ছাড়া পাখি আমদানি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে সাড়ে ১৯ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
পরে আটক পেঁচাগুলো বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়। সেগুলো বুঝে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে রাত সাড়ে নয়টার দিকে হস্তান্তর করা হয় উদ্ধার হওয়া পেঁচাগুলো।
পার্ক কর্তৃপক্ষ পেঁচাগুলো বুঝে নিয়ে পার্কের কোয়ারেন্টাইন জোনে রেখে দিয়েছে।
নির্দিষ্ট কোয়ারেন্টাইন শেষ হলে পার্কের একটি বেষ্টনীতে উন্মুক্ত করা হবে দর্শনার্থীদের জন্য। বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জানা যায়, একটি কার্গোতে করে আফ্রিকার মালি থেকে পশুপাখি আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শাহজালাল পেটস অ্যান্ড ফার্মিং ৩২টি পাখি আমদানি করে।
এ সময় কাস্টমস কর্তৃপক্ষকে আমদানি করা ১৫টি পাখির কাগজপত্র দেখাতে পারলেও বাকি ১৭টি পাখির (পেঁচার) কোনো অনাপত্তিপত্র (এনওসি) দেখাতে পারেনি প্রতিষ্ঠান। এতে কাস্টমস আইন ১৯৬৯ লঙ্ঘন হওয়ায় সে প্রতিষ্ঠানকে ১৯ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পাখিগুলো বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা দেশ রূপান্তরকে জানান, বিমান বন্দর কাস্টমসে জব্দ হওয়া ১৭টি পেঁচা আমরা বুঝে নিয়ে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করেছি।
তিনি বলেন, আজ রাতে (বৃহস্পতিবার) পার্ক কর্তৃপক্ষ ১৭টি পেঁচা বুঝে নিয়ে পার্কের কোয়ারেন্টাইনে রেখেছে। পরে তারা তা উন্মুক্ত করবে দর্শনার্থীদের জন্য।