সৌদি আরব ম্যাচের পর থেকেই গুঞ্জন, পুরানো চোট ফিরে এসে ভোগাচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে। বৃহস্পতিবার রুদ্ধদার অনুশীলনেও নাকি তিনি সময় কাটিয়েছেন ফিজিও'র সঙ্গে। মেক্সিকোর বিপক্ষে কাল অস্তিত্বের লড়াইয়ে বাঁ পায়ের যাদুকরের খেলা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিল কিছু সংবাদ মাধ্যম।
শুক্রবার দুপুর গড়াতেই এ সব কিছুকে উড়িয়ে দেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আর সন্ধ্যায় ‘ভাল আছেন’ প্রমাণ দিতেই যেন কাতার বিশ্ববিদ্যালয় প্র্যাকটিস গ্রাউন্ডে সবার আগে চলে এলেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী।
কোচ স্কালোনির সঙ্গে মুখ ঢেকে সেরে নিলেন দরকারি শলা পরামর্শ। এরপর সতীর্থ রদ্রিগো ডি পল, লিয়েঁনার্দো পারেদেস, পাপু গোমেজদের সঙ্গে মেতে উঠলেন খোশ গল্পে। খুব বোঝা গেলো মেক্সিকো ম্যাচের আগে নিজে নির্ভার থাকতে, সতীর্থদের নির্ভার রাখতে সচেষ্ট আর্জেন্টিনা অধিনায়ক। নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই মাঠে চলে এসেছিলেন মেসিরা। তাতেই বোঝা যাচ্ছে মেক্সিকো ম্যাচটাকে তারা নিচ্ছে আসরের ফাইনাল হিসেবে।
উপস্থিত কয়েকশ' সংবাদিকেরজন্য আর্জেন্টিনার ট্রেনিং কভার করার সময় বরাদ্দ ছিল ১৫ মিনিট। এর মধ্যেই যতটুকু বোঝা গেল শনিবার স্কালনি তার আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনতে যাচ্ছেন। মেসি খেলবেন ধরে নিয়ে কোচ সম্ভাব্য পরিবর্তন আনবেন সেন্ট্রাল ডিফেন্স পজিশনে। যেখানে প্রথম ম্যাচে জ্বলে উঠতে না পারা ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গায় দেখা যেতে পারে লিসান্দ্রো মার্তিনেজকে।
এছাড়া রাইটব্যাক পজিশনে গঞ্জালো মনতিয়েল শুরু করতে পারেন নাহুয়েল মলিনার জায়গায়। এছাড়া মাঝমাঠে পাপু গোমেজের জায়গায় আসতে পারেন আলেহান্দ্রো গোমেজ। তবে এনজো ফার্নান্দেজও স্কালোনির ভাবনায় থাকতে পারেন পাপুর জায়গায়।
পরিবর্তন যাই আসুক, কোচ জানিয়ে দিয়েছেন পরিচিত প্রতিপক্ষ মেক্সিকো হারাতে তারা খেলবে অভ্যস্ত হয়ে ওঠা আগ্রাসী মনোভাব নিয়েই। সেরা ষোলর লড়াইয়ে টিকে থাকতে পোল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা মেক্সিকোও চেষ্টা করবে গোলের। তাতে প্রতিপক্ষের রক্ষণ আলগা হওয়ার সুযোগটাই কাজে লাগাতে হবে মেসিদের।