কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন ওয়েলস গোলকিপার ওয়েইন হেনেসি। গতকাল ম্যাচের ৮৬ মিনিটের মাথায় নিজের সীমানা থেকে বেরিয়ে এসে নিয়মবহির্ভূতভাবে ইরানের এক খেলোয়াড়কে আঘাত করায় তাকে এ লাল কার্ড হজম করতে হয়। ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমি মাঝমাঠ থেকে বল নিয়ে এগুতে গেলে হেনেসি বক্স ছেড়ে ধেয়ে আসেন। পা উঁচিয়ে ধাবমান তারেমির দিকে গেলে তার ডান পায়ের বুটের নিচের অংশ চোয়ালে আঘাত করে ইরানিয়ানের। প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর দেখে হেনেসিকে লাল কার্ড দেখান গুয়াতেমালার রেফারি। বিশ্বকাপ ইতিহাসে গোলকিপারের লাল কার্ড দেখার এটি তৃতীয় ঘটনা। ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইতুমিলেং এবং ১৯৯৪ টুর্নামেন্টে নরওয়ের বিপক্ষে ইতালির জিয়ানলুকা পালিউকাকে এ শাস্তি পেতে হয়।