স্ত্রীর মামলায় কারাগারে প্রধান শিক্ষক

সহকারী শিক্ষিকা স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মাহাবুবুর রহমান (৪৩)। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামে। গতকাল শুক্রবার ভোরে ওই গ্রাম থেকে মাহাবুবুরকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মাহাবুবুর রহমান কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মামলার বাদী তার স্ত্রী পপি খানম (৩৬) একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে।

মামলার বাদী পপি খানম বলেন, ‘আমাদের বিয়ে হয় ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি। বিয়ের পর থেকেই আমার স্বামী আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এ জন্য ২০১৯ সালে একবার মামলা করি। তখন জেলা শিক্ষা অফিসার স্যারের মধ্যস্থতায় ওই বছরই মামলা তুলে নিই। কিন্তু নির্যাতন বন্ধ না হওয়ায় গত জুলাই মাসে পুনরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফরিদপুর বিজ্ঞ আদালতে মামলা করি। পরে আদালত বিষয়টির তদন্তভার বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিলে তিনি বিষয়টির মীমাংসার চেষ্টা করেন। কিন্তু আমার স্বামীর নাছোড়বান্দা মনোভাবের কারণে ইউএনও স্যার তদন্ত প্রতিবেদন দিয়ে দেন।’

বোয়ালমারী থানার ওসি আবদুল ওহাব বলেন, ‘মাহাবুবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’