আন্ডারপ্যান্ট থেকে কি বের করে খেলেন রোনালদো?

পর্তুগাল ও ঘানার মধ্যকার ‘এইচ’ গ্রুপের ম্যাচটি চলতি কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম জমজমাট ম্যাচের তালিকায় রয়েছে। দুই দলের দারুণ লড়াই হয় ম্যাচে। শেষ পর্যন্ত যেখানে ৩-২ ব্যবধানে জয় পায় পর্তুগাল।

গত বৃহস্পতিবার দোহার স্টেডিয়াম ৯৭৪-এ অনুষ্ঠিত ম্যাচে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ম্যাচের পর থেকেই রোনালদোর গোল নিয়ে বরং অন্য এক কাণ্ড নিয়ে জোর আলোচনা চলছে।

ঘানার বিপক্ষে ম্যাচে একটা সময় দেখা যায় নিজের অন্তর্বাসে হাত ঢুকিয়ে কিছু একটা বের করে খাচ্ছেন রোনালদো। যা নিয়ে নেট দুনিয়ায় ভক্তদের কৌতূহলের শেষ নেই।

ঘটনা ম্যাচের ৩৬তম মিনিটের। নিজের প্যান্ট ফাঁক করে অন্তর্বাসের ভেতর থেকে কিছু একটা বের করেন পর্তুগালের অধিনায়ক। পর্তুগিজ গণমাধ্যমের খবর, অন্তর্বাস থেকে এনার্জি সাপ্লিমেন্ট বের করে খাচ্ছিলেন রোনালদো।

ঘানার বিপক্ষে ম্যাচটিতে অনবদ্য রেকর্ডও করেছেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন সিআর সেভেন।