ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় ভুল চিকিৎসায় ইসরাত জাহান মাহেরা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবাদে স্বজন ও এলাকাবাসী ভাঙচুর করেছে ইসলামী প্রাইভেট হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিক।
এঘটনায় ক্লিনিক মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদ মুন্সি ও ভুয়া চিকিৎসক আবদুল্লাহকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডাকবাংলা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইসরাত জাহান মাহেরা সদর উপজেলার বাথপুকুরিয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।
ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শুক্রবার বিকেলে শিশু ইসরাত জাহান মাহেরাকে পেটে ব্যথা নিয়ে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার ইসলামী প্রাইভেট হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভর্তি করে তার পরিবার। পরে তাকে চিকিৎসা প্রদান করে কথিত ডাক্তার আবদুল্লাহ। রাত ৮টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতর স্বজনরা ক্লিনিকটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষ থেকে ক্লিনিক মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদ মুন্সি ও ভুয়া চিকিৎসক আবদুল্লাহকে আটক করা হয়।
ভুয়া চিকিৎসক আবদুল্লাহ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাসকাটরা এলাকায় স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত আছেন। ডাক্তার পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন।
তিনি আরও জানান, ভুল চিকিৎসায় মাহেরার মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।