বাগেরহাট জেলা কারাগারে সেলিম ফরাজী (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে বাগেরহাট ২৫০ শয্যার রাজিয়া নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার দুপুরে ২৫০ শয্যার রাজিয়া নাসের হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে সেলিমের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি বাগেরহাট শহরের হরিণখানা এলাকার প্রয়াত কাসেম ফরাজীর ছেলে। গত ২১ নভেম্বর একটি চুরির মামলায় পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
বাগেরহাট জেলা কারাগারের ডেপুটি জেলার তরিকুল ইসলাম বিকেলে বলেন, গত ২১ নভেম্বর চুরির মামলার আসামি হাজতি সেলিম ফরাজী কারাগারে আসেন। তিনি শারীরিক অসুস্থতা নিয়েই কারাগারে ছিলেন। তার শ্বাসকষ্ট থাকায় কারা চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বাগেরহাট ২৫০ শয্যার রাজিয়া নাসের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।