আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের রেফারি একজন ইলেক্ট্রিশিয়ান

ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। মধ্যপ্রাচ্যের দেশে আরব্য রজনীর গল্প লেখার রাতে মেসিদের প্রতিপক্ষ মেক্সিকো। সেই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন যিনি, তিনি আসলে একজন ইলেক্ট্রিশিয়ান।

রাত ১ টায় শুরু হওয়া ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন ইতালিয়ান ড্যানিয়েল ওরসাটো। ইলেক্ট্রিশিয়ানের পাশাপাশি তিনি বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকও। তিন দিন আগে নিজের ৪৭তম জন্মদিন পালন করেছেন।

১৯৭৫ সালের ২৩ নভেম্বর ইতালির ভিসেঞ্জায় তার জন্ম। ১৯৯৩ সাল থেকে তিনি খেলা পরিচালনা করেন। তবে সিরি-সি তে পেশাদার ফুটবলে দায়িত্ব পান। পরে ২০১০ সালে আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি অর্জন করেন।

তবে গলার  বাঁশি ঝুলানো আর পকেটে লাল-হলুদ কার্ড ঝোলানোর আগে ওরসাটো পেশায় ছিলেন একজন ইলেকট্রিশিয়ান। কিন্তু ফুটবলের রেফারির দায়িত্ব তাকে ছোট থেকেই মোহিত করেছিল।

এই বিষয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকে আমি কৌতুহলী ছিলাম। আলো কেন ও কিভাবে জ্বলে সেটা জানতেই আমি ইলেক্ট্রিশিয়ান হয়েছিলাম। তবে ফুটবল খেলায় রেফারির দায়িত্ব আমায় বিমোহিত করেছিল। তারপর এখানে সফল হওয়ার স্বপ্ন বুনেছিলাম। অবশেষে আমার স্বপ্ন সফল হয়েছে।’

২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি।