হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহতায়ালার কথোপকথন হয়েছিল মিসরের দক্ষিণ সিনাই পর্বতমালার প্রান্তে অবস্থিত এক বিশেষ স্থানে। জায়গাটি মিসরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে অবস্থিত। পর্বতটি ‘মুসার পর্বত’ নামে বেশি পরিচিত হলেও স্থানীয়ভাবে এটি হোরেব পর্বত, গাবাল মুসা তথা জাবাল মুসা হিসেবেও পরিচিত। সিনাই পর্বতের ধর্মীয় তাৎপর্য নানামুখী, জায়গাটি আজও মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের কাছে গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে সম্মানের ও শ্রদ্ধার।
চতুর্থ শতাব্দীতে কপটিক খ্রিস্টানরা ওই স্থানে একটি ছোট গির্জা প্রতিষ্ঠা করেন। পরে স্থানটি সেন্ট ক্যাথরিনের ধর্মীয় মঠে পরিণত হয়। বিগত পনেরো শত বছর ধরে জায়গাটি গুরুত্ব পেয়ে আসছে।
সিনাইয়ের পাহাড়ে আল্লাহতায়ালা হজরত মুসা (আ.)-এর সঙ্গে কথা বলেছেন। কোরআন মাজিদের সুরা ত্বহায় বিষয়টি সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি। তিনি যখন আগুন দেখলেন, তখন পরিবারবর্গকে বললেন, তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি। সম্ভবত, আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ¦ালিয়ে আনতে পারব অথবা আগুনে পৌঁছে পথের সন্ধান পাব। অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছলেন, তখন আওয়াজ এলো হে মুসা, আমিই তোমার পালনকর্তা, অতএব তুমি জুতা খুলে ফেল, তুমি পবিত্র উপত্যকা তুয়ায় রয়েছো এবং আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা প্রত্যাদেশ করা হচ্ছে, তা শুনতে থাকো।’ -সুরা ত্বহা: ৯-১৩
সেইন্ট ক্যাথেরিন মনাস্ট্রি নামে পরিচিত এই গির্জাকে তিন ধর্মের মানুষই সম্মানের চোখে দেখে আসছে। প্রতি বছর অসংখ্য দর্শনার্থী এই স্থান পরিদর্শন করতে আসেন, যেখানে মানব ইতিহাসের অন্যতম সাহসী একজন মানুষের সঙ্গে স্বয়ং আল্লাহ সরাসরি কথা বলেছেন।