গানের কথার মধ্যেই প্রশ্নের উত্তর রয়েছে

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অসংখ্য কনসার্ট মাতানো এই তারকা  এবার গাইবেন শুধুমাত্র মহিলা দর্শকের সামনে। তার সঙ্গে কথা বলেছেন রণ

দর্শক শুধুই নারী...

আগামী ২ ডিসেম্বর একটি বিশেষ কনসার্ট হতে যাচ্ছে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে। কারণ, এখানে শুধু নারী দর্শক অংশ নিতে পারবেন। এটি মূলত একটি ফিমেল ফেস্ট শীর্ষক দুই দিনের আয়োজনের অংশ। এ কনসার্টে আমি ছাড়াও গাইবেন ব্যান্ডদল নেমেসিস, প্রীতম হাসান, সন্ধির মতো শিল্পীরা। আয়োজকদের বরাতে জানতে পারলাম এ উৎসবে পাঁচ হাজারের বেশি নারী অংশ নেবেন। তাদের বিনোদিত করার জন্যই রাখা হচ্ছে কনসার্ট। আশা করছি অন্যরকম একটি অভিজ্ঞতা হবে।

স্টুডিও নাকি স্টেজ...

স্টুডিও থেকে স্টেজে গান বেশি উপভোগ করি। কনসার্টে ভক্তদের সঙ্গে কানেকশনটা দৃঢ় হয়। যতদিন আছি স্টেজে গান করে যাব। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ায় গত তিন মাসে বেশ কিছু কনসার্ট করেছি। ডিসেম্বরে ইউরোপেও বেশ কিছু কনসার্ট আছে। এর ফাঁকে ফাঁকে দেশেও কনসার্ট করছি।

মাঝে মাঝে বিরতি...

বিরতি তো শুরু থেকেই নিয়ে আসছি। ২০০২ থেকে ২০২২ পর্যন্ত দীর্ঘ ২০ বছর গান করছি। এর মধ্যে বিরতি নিয়ে ফের গান করেছি। আসলে বিরতি নিয়েই কাজ করতে হয়। আমার ক্যারিয়ারে সবসময়ই ছিল বিরতি। বিরতিগুলো ক্যারিয়ারকে প্রতিনিয়ত মজবুত করেছে। এই বিরতিই আমার গানের ভক্ত- শ্রোতাদের সঙ্গে আমার বন্ধন আরও গাঢ় করেছে।

ব্যান্ড গানের চর্চা...

নতুন ব্যান্ডগুলো এখন অনেক ভালো করছে। ভালো ভালো গান হচ্ছে, কিন্তু সারা পৃথিবীতেই দেখবেন ব্যান্ড মিউজিক একটু অবহেলিত। কারণ ব্যান্ড মিউজিক শোনার জন্য একটু পরিশীলিত শ্রোতার প্রয়োজন হয়। পরিশীলিত শ্রোতা সারা পৃথিবীতেই কম। তবে দিন দিন ব্যান্ড মিউজিকের শ্রোতা বাড়ছে। আমার মনে হয়, ব্যান্ড মিউজিক সামনে আরও ভালো করবে।

এখনকার অভিনয় ভাবনা...

নাটক তো অনেক দিন করলাম। এবার অভিনয়ে নিজেকে আরেকটু মেলে ধরতে সময় চাই। ওটিটিতে একটা-দুইটা ভালো কাজ হলে করব। আসলে কমার্সের বাইরে শিল্পসত্তাকে নিয়েও ভাবতে হবে। তাই শিল্পসত্তাকে মেলে ধরার জন্যই এই অভিনয়ে বিরতি। আমার মনে হয়, দর্শকদের যা দেওয়ার তা দিয়েছি। এখন নতুনদের জন্য মাঠ ছেড়ে দেওয়া উচিত। সবারই সময় থাকে। নাটকে মনে হয়েছে এখন থামা দরকার, থেমেছি। গান নিয়ে ব্যস্ত থাকব, আর নাটকে স্পেশাল প্রজেক্ট হলে করব। নতুন বছরের জানুয়ারিতে একটা সিনেমায় কাজের কথা হচ্ছে। একটু অ্যাকশনধর্মী সিনেমা।

নতুন অধ্যায়...

আমার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘সেই তুমি কে?’ গানের কথার মধ্যেই এই প্রশ্নের উত্তর রয়েছে। গানটির ১২ লাইনে সব পরিষ্কার করেছি। আমার ভাবনা, জীবনবোধ এর মধ্যেই খুঁজে পাবেন।