জিততেই হবে মেসিদের, ড্র হলে কঠিন সমীকরণ সামনে

মধ্যপ্রাচ্যের দেশে সেদিনের দুপুরটা স্বস্তিরই ছিল আর্জেন্টিনার। তবে বিকেল গড়াতেই অঘটনের শিকার তারা। এশিয়ার দেশে সৌদি আরবের কাছে হেরে যায় লিওনেল স্কালোনির শিষ্যরা। সেই হারের ক্ষত সহজে শুকানোর নয়। তবে তার আগেই লিওনেল মেসিরা ‍মুখোমুখি হচ্ছেন মেক্সিকোর বিপক্ষে। আজ রাত ১ টায় কাতার এডুকেশন স্টেডিয়াম ৯৭৪ এ মুখোমুখি হচ্ছে দুই দল।

দিনের আলোতেও লুসাইলে সেদিন যেন অন্ধকার দেখছিলেন ডি মারিয়ারা। তবে ঘুরে দাঁড়ানোর ম্যাচটিতে আজ তাদের সামনে সুযোগ আরব্য রজনীকে স্মরণীয় করে রাখার। যে কাজটা তাদের জন্য সহজ করে দিয়েছেন পোল্যান্ডের ফুটবলাররা। সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইউরোপের দেশটি।

অথচ এই সৌদি আরবের কাছে হারের পর শঙ্কা জেগেছিল আরেকটা ২০০২ সালের। সে আসরে আর্জেন্টিনার শক্তিশালি দল থাকা সত্ত্বেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়। যদিও এক ম্যাচ হারেই সব কিছু শেষ হয়ে যায় না। সেটা প্রমাণ করতেই আজ মাঠে নামবে আর্জেন্টাইন ফুটবলাররা।

এখনও তাদের সামনে সুযোগ রয়েছে রাউন্ড ১৬ তে যাওয়ার। তবে সেটার জন্য তাদেরকে বাকি দুই ম্যাচ জিততেই হবে। তাহলে সম্ভাব্য দ্বিতীয় দল হিসেবে যেতে পারে পরের ধাপে। ড্র হলেও ঝুলে থাকবে আশা। শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতে হবে ২-০ গোলে। তারপরও বাকি পথ যাওয়ার নিশ্চয়তা নির্ভর করবে সেটা বাকিদের ফলাফলের ওপর। এমনকি চার পয়েন্ট পেলেও থেমে যেতে হবে সেখানেই। কিন্তু আজ হারলেই নিশ্চত হয়ে যাবে বিদায়। ধরা দেবে ২০ বছর আগের সেই ভয়ানক স্মৃতি।

মেক্সিকোর বিপক্ষে আজ জিতলে শেষ ম্যাচে পোল্যান্ডকে হারালেই নিশ্চিত হয়ে যাবে পরের রাউন্ড। পরনির্ভরশীল না হয়েই তারা চলে যেতে পারবে রাউন্ড ১৬ তে। এমনকি গোল ব্যবধানের কারণে গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। তাই জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। ড্র হলেই স্কালোনির শিষ্যদের পড়ে যেতে হবে সমীকরণের মারপ্যাচে।