ম্যাজিস্ট্রেট স্ত্রীকে নির্যাতন, স্বামী কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সিনিয়র সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) পপি খাতুনকে নির্যাতনের মামলায় স্বামী মোহাইমেনুল ইসলাম মেহেদুলকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে গ্রেপ্তারের পর দুপুরে মোহাইমেনুলকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পপি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) পদে কর্মরত আছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া গ্রামে ভগ্নিপতি সোহরাব হোসেনের বাড়িতে আসেন পপি। পরদিন শুক্রবার দুপুরে মোহাইমেনুল সেখানে এসে স্ত্রী পপির কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। পপি টাকা দিতে অস্বীকার করলে মোহাইমেনুল তাকে মারধর করেন। পরে পপিকে আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রাতেই পপি মোহাইমেনুলের নামে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।