সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ভারত। কিন্তু বৃষ্টি তা হতে দিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পুরোটাই গেল বৃষ্টির পেটে।
হ্যামিল্টনে রবিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল সফরকারী ভারত। ৪.৫ ওভার হওয়ার পরেই বৃষ্টি নামে। সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল খেলা। ফলে ম্যাচ ২৯ ওভারে নামিয়ে আনা হয়। কিন্তু ১৩তম ওভারে ফের বৃষ্টি হানা দেয়। এরপরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়।
খেলা পণ্ড হওয়ার আগে ১২.৫ ওভারে ১ উইকেটে ৮৯ রান করে ভারত। শুভমান গিল ৪২ বলে অপরাজিত ৪৫ ও সূর্যকুমার যাদব ২৫ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন।
সিরিজের প্রথম ওয়ানডে ৭ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। আগামী বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ তে জিতেছিল ভারত।