বিজয়ী প্রার্থীর সমর্থকদের বাধার মুখে মুন্সীগঞ্জের গজারিয়ায় বার্ষিক পরীক্ষা দিতে পারেনি এক স্কুলছাত্র। গতকাল রবিবার সকালে উপজেলার হোসেন্দী গ্রামে এ ঘটনা ঘটে। এতে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীর মা গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
ওই শিক্ষার্থী জানান, রবিবার স্কুলের বার্ষিক পরীক্ষার প্রথম দিনে ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল। এতে সকালে ঘণ্টাখানেক আগে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় করে স্কুলে যাওয়ার পথে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর বেশ কয়েকজন সমর্থক তাকে অটোরিকশা থেকে নামিয়ে হুমকি-ধমকি ও মারধর করে তাড়িয়ে দেয়। এতে সে আর পরীক্ষায় অংশ নিতে যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবিরুল আলম দেশ রূপান্তরকে বলেন, অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থী পরীক্ষা দেয়নি। শুনেছি পথে কী যেন একটা ঝামেলা হয়েছে। তাই ওই শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে আসেনি।
তিনি আরও বলেন, কিছু শিক্ষার্থীকে অভিভাবক এবং পুলিশের সহায়তা নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে দেখা গেছে। যে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি পুনরায় বিশেষভাবে তার পরীক্ষা নেওয়া যায় কি না এ ব্যাপারে ম্যানেজিং কমিটি সদস্যদের সঙ্গে কথা বলব।
গজারিয়া থানায় ওসি মোল্লা সোহেব আলী বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।
তবে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠু সাংবাদিকদের বলেন, পরীক্ষা দিতে পারেনি এ রকম ঘটনা ঘটেনি। থানায়ও কোনো অভিযোগ হয়নি। উল্টো পরাজিত প্রার্থীর সমর্থকরা আমার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করেছে।
প্রসঙ্গত, গত ২ নভেম্বর হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠু নৌকা প্রতীকে বিজয়ী হন। এতে পরাজিত হন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব হোসেন। ওই স্কুল শিক্ষার্থীর বাবা পরাজিত প্রার্থী মাহবুব হোসেনের সমর্থক ছিলেন।