মা এসে দেখেন খাটের নিচে ছেলের মরদেহ

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামনালী সায়েমপাড়া গ্রামে খাটের নিচ থেকে শাহজাহানের ছেলে রাহুল হোসেনের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মা সারজিনা বেগম বাইরে থেকে ফিরে ঘরে এসে দেখেন খাটের নিচে ছেলের মরদেহ। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল রবিবার মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

মৃতের চাচা রাহাজান আলী ও ঝিকরগাছা থানার এসআই সুমন বিশ^াসের ভাষ্যমতে, রাহুল স্থানীয় কাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার সকাল ৯টার দিকে রাহুলকে বাড়ি রেখে বোন রবিলা খাতুনকে নিয়ে তার মা সারজিনা বেগম ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। দুপুর আড়াইটার দিকে বাড়ি ফিরে ছেলে রাহুলকে খুঁজে পাননি। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিছানা করার সময় দেখতে পান রাহুল খাটের নিচে মৃত অবস্থায় পড়ে আছে।

রাহুলের মৃত্যুর কারণ অনুমান করতে পারছেন না তার পরিবারের সদস্য ও পুলিশ। ঝিকরগাছা থানার এসআই সুমন বিশ^াস বলেন, রাহুলের মুখ ও দাঁতে রক্ত, বাম হাতের কনুই এবং আঙুলের পাশে ছেচড়ে যাওয়ার দাগ রয়েছে। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।