প্রাইম এশিয়া আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট লিগে আইটিএইচএম ভাইকিংস জয়ী

প্রাইম এশিয়া ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট লিগ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দিনব্যাপী এ খেলার ফাইনাল ম্যাচ সম্প্রতি বনানীর কামাল আতাতুর্ক মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে আইটিএইচএম ভাইকিংস ৬০ রানে ফার্মেসি থান্ডারকে পরাজিত করে। ৫০ বলের এই খেলায় শুরুতে ব্যাট করতে নেমে ১২৯ রান সংগ্রহ করে আইটিএইচএম ভাইকিংস। ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৯ রানে গুটিয়ে যায় ফার্মেসি। ফাইনালে ব্যাট হাতে সর্বোচ্চ রান এবং উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন আইটিএইচএম ডিপার্টমেন্টের অলরাউন্ডার সাজিদ।  

খেলা শেষে বনানী স্টার টাওয়ারস্থ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. রায়হান আজাদ ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নুরুন্নবী মোল্লা। 

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টা কমডোর (অব.) জোবায়ের আহমেদ, এনডিসি, বিএন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইফ্ফাত জাহান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী এ এস এম আরিফ, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শুভময় দত্ত সহ বিভিন্ন বিভাগের শিক্ষক,ছাত্র-ছাত্রী,কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ। 

পাঁচ দিনব্যাপী এবারের টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের হয়ে ১০টি দল অংশ নেয়। এই লিগে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছে টেক্সটাইল টিমের খায়রুল। এই আয়োজনের টাইটেল স্পনসর ছিল ফ্যাশন ব্র্যান্ড আউফি,প্লাটিনাম স্পনসর ছিল শুমাস টেক এবং কো-স্পনসর ছিল প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের কনভেনর ও ডেপুটি ডিরেক্টর নজরুল ইসলাম, এমবিএ ডিরেক্টর মো. আহসান চোধুরী, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তানভীর আহমেদ ও স্পোর্টস ক্লাবের সভাপতি জুবায়ের সিদ্দিক তানিন।