প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও জালের দেখা মিলছিল না। ভিনিসিউস জুনিয়র একবার বল জালে জড়ালেন। ব্রাজিলিয়ানরা উৎসবও করলো। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের সিদ্ধান্ত জানালেন রেফারি। নেইমারকে ছাড়া খেলতে নেমে বড় পরীক্ষার মধ্যেই পড়ে গেল পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
শেষ পর্যন্ত তিতের দলকে পথ দেখালেন অভিজ্ঞ কাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেড তারকার গোলে সুইজারল্যান্ডকে হারাল সেলেসাওরা।
দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সোমবার ‘জি’ গ্রুপের ম্যাচটি ১-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। সুবাদে এক ম্যাচ হাতে থাকতে শেষ ষোলোও নিশ্চিত হয়ে গেছে দলটির। কাসেমিরো গোল করেছেন ম্যাচের ৮৩তম মিনিটে, রদ্রিগোর অ্যাসিস্ট থেকে।
বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের এটি প্রথম জয়। নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট পেল তিতের দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে তাদের শেষ ষোলো নিশ্চিত হলো।
এদিনের জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা ১৭ ম্যাচ জিতে অনন্য নজির গড়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটি গ্রুপে তাদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে ক্যামেরুনের বিপক্ষে। আগামী শুক্রবার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।