এবারও মাইলস্টোন সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

এ বছর এসএসসি পরীক্ষায় রাজধানীর দুই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় শতভাগ উত্তীর্ণের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তির দিক দিয়েও রেকর্ড গড়েছে। গতকাল সোমবার ফল প্রকাশের পরই প্রতিষ্ঠান দুটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের সাফল্য উদযাপন করেন।

মাইলস্টোন কলেজ : এবারের এসএসসি পরীক্ষার উত্তরা মডেল টাউনের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ১ হাজার ৬৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৬৭৬ জন। পাসের হার ৯৯.৮২%। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২৫০ জন। জিপিএ ৫ অর্জনের হার ৭৪.৫৮%।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘প্রত্যাশামতো ভালো ফল করার ক্ষেত্রের আসল নিয়ামক আমাদের শিক্ষার্থীরা। এখানে শিক্ষক-শিক্ষিকারা যেমন পাঠদানে আন্তরিক তেমনি অভিভাবকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ এবং সহায়তামূলক।’

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ : এবার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১ হাজার ৮৩ জন জিপিএ ৫ পেয়েছে। ১ হাজার ৩৬২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৩৬১ জন। পাসের হার ৯৯.৯৩%। জিপিএ ৫ প্রাপ্তির হার ৭৯.৫১%।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাহবুুবুর রহমান মোল্লা দেশ রূপান্তরকে বলেন, ‘করোনার ভয়ংকর বিপর্যয়ের মধ্যেও জীবনের ঝুঁকির নিয়ে আমরা প্রতিষ্ঠানের পড়াশোনার ধারাকে অব্যাহত রেখেছি। কিছুতেই পরীক্ষার্থীদের ঝিমিয়ে পড়তে দিইনি। তারই ফলে আজকের এ অর্জন।’

প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ মো. সামসুদ্দিন ভূঁইয়া সেন্টু উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘শিক্ষকদের আপ্রাণ চেষ্টা ও অভিভাবকদের নিয়মিত তদারকির ফলেই ছেলেমেয়েরা এসএসসি পরীক্ষায় আশাব্যঞ্জক ফল অর্জন করেছে।’