কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘জি’ গ্রুপের ম্যাচে সোমবার সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায় সেলেসাওরা। এই ম্যাচ জিতে একাধিক নজির গড়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সুইজারল্যান্ডের বিপক্ষে অতীত ইতিহাস ভালো ছিল না ব্রাজিলের। বিশ্বকাপে সুইসদের কখনও হারাতে পারেনি তারা। গত বিশ্বকাপেও গ্রুপ পর্বে সুইসদের সঙ্গে ড্র করেছিল। তবে এবার নতুন ইতিহাস রচনা করল দলটি। প্রথমবার বিশ্ব মঞ্চে হারাল সুইসদের।
এই জয়ের সুবাদে গ্রুপ পর্বে ১৭ ম্যাচে অপরাজিত থাকার নজির গড়ল ব্রাজিল। এ ছাড়া একমাত্র দল হিসেবে পরপর ১৪টি বিশ্বকাপের নক আউট পর্বে যাওয়ার রেকর্ড গড়ল।
নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারায় ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে দলটি। সমান ম্যাচে সুইসদের পয়েন্ট ৩। ক্যামেরুন ও সার্বিয়ার পয়েন্ট ১ করে।