অনুদানের সিনেমা মুক্তির হিড়িক

কয়েক বছর ধরে চলচ্চিত্র নির্মাণে প্রযোজক ও নির্মাতাদের প্রেরণা দিতেই দেওয়া হয় সরকারি অনুদান। নিয়মিত অনুদান দেওয়া হলেও নিয়মিত আলোর মুখ দেখে না সব সিনেমা। এমনকি অনুদানের অর্থ নিয়েও বছরের পর বছর সিনেমার কাজ শুরু করেননি অনেকে। এমনকি এর জন্য অনেক পরিচালককে আইন-আদালতের মুখোমুখি হতে হয়েছে। অবশ্য এই দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। এ বছর একের পর এক অনুদানের সিনেমা মুক্তি পাচ্ছে।

এ বছর অনুদানের সিনেমা প্রথম মুক্তি পায় ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার মাধ্যমে। এরপর মুক্তি পেয়েছে ‘গলুই’, ‘বিউটি সার্কাস’, ‘আশীর্বাদ’, ‘হৃদিতা’, ‘ভাঙন’, ‘দেশান্তর’ সিনেমাগুলো। ২ ডিসেম্বর মুক্তি পাবে ২০১১-১২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘হডসনের বন্দুক’। সৈয়দ শামসুল হকের লেখা গল্প অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন প্রশান্ত অধিকারী। নানা কারণে বহুবার বিঘœ ঘটেছে সিনেমার শ্যুটিংয়ে। অবশেষে ৯ বছর পর আলোর মুখ দেখছে সিনেমাটি। ‘হডসনের বন্দুক’ ছবিতে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, জোবায়ের, মিশু চৌধুরী, রাশিয়ান অভিনেতা মাজিদ সিখালাইভ প্রমুখ। ঢাকা, সিলেট, শ্রীমঙ্গল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় শ্যুটিং হয়েছে।

নভেম্বরে মুক্তির কথা ছিল ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমাটি। শেষ মুহূর্তে মুক্তির তারিখ পিছিয়ে ডিসেম্বরে দিয়েছেন নির্মাতা প্রদীপ ঘোষ। তবে মুক্তির নতুন তারিখ এখনো জানাননি। ব্রিটিশবিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে এই প্রথম কোনো চলচ্চিত্র নির্মাণ হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা আছে কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমাটি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’, রোজিনার ‘ফিরে দেখা’, অপূর্ব রানার ‘জলরঙ’ সিনেমাগুলো।

অনুদানের সিনেমা তৈরি ও মুক্তি পাওয়ার দীর্ঘসময় লাগার কারণ সম্পর্কে পরিচালক প্রদীপ ঘোষ বলেন, যে পরিমাণ অনুদান পাওয়া যায় তাকে পুরো সিনেমা তৈরি ও মুক্তি দেওয়া সম্ভব হয় না। তাই প্রযোজক নিশ্চিত করতেও অনেক সময় চলে যায়। তা ছাড়া, করোনা পরিস্থিতির কারণে দু-তিন বছর শ্যুটিংই করা যায়নি। ভালো সিনেমার অভাবে দর্শকও হলবিমুখ হয়ে পড়ছিল। একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছিল। তবে এ বছর বেশ কটি ব্লকবাস্টার সিনেমার সুবাদে দর্শক হলে ফিরতে শুরু করেছেন। তাই নির্মাতারা সিনেমা মুক্তি দেওয়ার সাহস ও আগ্রহ ফিরে পেয়েছেন।