নকআউটে খেলতে আর্জেন্টিনার সামনে যে সমীকরণ

কাতার বিশ্বকাপে লিওনেল মেসিরা থাকছেন তো? এই মুহূর্তে বিশ্ব ফুটবলে অন্যতম বড় প্রশ্ন এটি। বুধবারই উত্তর মিলে যাবে যার।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পোল্যান্ড। একই দিন গ্রুপের অন্য দুই দল সৌদি আরব ও মেক্সিকো মুখোমুখি হবে লুসাইল স্টেডিয়ামে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এই গ্রুপ থেকে এখনও কোনো দলেরই নকআউট নিশ্চিত নয়। আবার চার দলের কারও সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। সম্ভাবনার দুয়ার খোলা আছে সবার সামনেই।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তাদের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে সৌদি আরব। মেক্সিকোর এক পয়েন্ট নিয়ে সবার তলানিতে।

অন্য কোনো দলের ওপর নির্ভর না করে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। মেসিরা জিতে গেলে গ্রুপ সেরাও হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ড্র হতে হবে সৌদি আরব ও মেক্সিকো ম্যাচ।

পোল্যান্ডের বিপক্ষে ড্র করলেও আর্জেন্টিনার সামনে সুযোগ থাকবে। সে ক্ষেত্রে মেসিদের প্রার্থনা করতে হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচ যেন   ড্র হয় কিংবা মেক্সিকো ৩ গোলের বেশি ব্যবধানে না জেতে।

সৌদি আরব জিতে গেলে অবশ্য ড্র করলেও আর্জেন্টিনার কোনো কাজে আসবে না। বরং গ্রুপসেরা হয়ে যাবে সৌদিরা। পোল্যান্ড সে ক্ষেত্রে গ্রুপের দ্বিতীয় হবে।

ভাগ্য অন্যের হাতে তুলে না দিয়ে মেসিরা নিশ্চয়ই যে কোনো মূল্যে জয়ই চাইবে ম্যাচটিতে।