লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়াহ ফুটবলার হিসেবে নিজেকে নিয়ে গিয়েছিলেন কিংবদন্তিদের কাতারে। তবে আক্ষেপ ছিল একটাই। কখনো বিশ্বকাপে খেলা হয়নি তার। তার দেশ লাইবেরিয়া যে কখনো বিশ্বমঞ্চে যোগ্যতাই অর্জন করতে পারেনি কখনো।
তবে জর্জ উইয়াহর সে আক্ষেপ মিটিয়েছেন ছেলে টিমোথি উইয়াহ। যুক্তরাষ্ট্রের হয়ে কাতার বিশ্বকাপে খেলছেন তিনি। মঙ্গলবার ইরানকে হারিয়ে করে শেষ ষোলো নিশ্চিত করেছে টিমোথির দল।
ছেলের এই সাফল্যে আবেগে ভাসছেন তার বাবা তথা লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ উইয়াহ।
ফুটবল যে তার রক্তেই আছে তা বিশ্বকাপের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছিলেন ২২ বছরের টিমোথি। গোল করেছিলেন ওয়েলসে বিপক্ষে। সেই ম্যাচটা অবশ্য ড্র হয়। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও ড্র করে যুক্তরাষ্ট্র। ইরানের বিপক্ষে গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচ ১-০ ব্যবধানে জিতে কাটে শেষ ষোলোর টিকেট।
যুক্তরাষ্ট্রের এই জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে ছেলে টিমোথিকে জড়িয়ে ধরেন বাবা। আবেগে ভাসতে দেখা যায় দুজনকে। সেইখানে উপস্থিত ছিলেন টিমোথির মাও। বাবা-ছেলের এই বিশেষ মুহূর্তের ছবি ফিফা তাদের অফিসিয়াল টুইটারেও পোস্ট করেছে।
লাইবেরিয়ার হয়ে ৭৫ ম্যাচে ১৮ গোলের রেকর্ড আছে বাবা জর্জ উইয়াহর। ১৯৯৫ সালে ব্যালন ডিঅর পুরস্কার জিতেছিলেন তিনি।