হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা। তাতে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল। তবে সব আশঙ্কা উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টাইনরা। অন্যদিকে লিওনেল মেসিদের কাছে হেরেও পরের পর্বে গিয়েছে পোল্যান্ড।
মেক্সিকোর বিদায়ে শেষ ষোলো নিশ্চিত হয়ে যায় তাদের। গোল ব্যবধানে এগিয়ে থাকায় কপাল পুড়ে মেক্সিকানদের। আর জয় দিয়ে শুরু করলেও শেষ দুই ম্যাচেই হারতে হয়েছে সৌদি আরবকে।
সি গ্রুপ থেকে দুই দলই যাচ্ছে পরের পর্বে। সে পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আগামী তিন ডিমেম্বর কোয়ার্টার ফাইনালের জন্য লড়াই করবে তারা।
অস্ট্রেলিয়া আবার এই পর্ব খেলতে নামছে ষোলো বছর পর। এর আগে একবারই নকআউট পর্বে খেলেছিল অস্ট্রেলিয়া। ২০০৬ আসরে শেষ ষোলোয় খেলা তাদের সেরা সাফল্য। অন্যদিকে ডেনমার্ক ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।
এই গ্রুপের রানার্স-আপ পোল্যান্ড শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে। খেলাটি আগামী ৪ ডিসেম্বর দোহার আল থুমামায় মুখোমুখি হবে দুই দল।