মেসির কাছে ক্ষমা চাইলেন সেই মেক্সিকান বক্সার

নিজের ভুল বুঝতে পেরেছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। লিওনেল মেসির বিরুদ্ধে মেক্সিকোর জার্সি অবমানরার অভিযোগ তুলেছিলেন তিনি। এমনকি মেসিকে দেখে নেওয়ার হুমকিও দেন। তবে বিষয়টা যে বাড়াবাড়ি হয়ে গেছে তার বুঝতে পারছেন চারটি ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা এই বক্সার। তাই ক্ষমা চেয়েছেন আর্জেন্ট্নিা অধিনায়কের কাছে।

বুধবার টুইট করে মেসির কাছে ক্ষমা চান আলভারেজ। বলেন, ‘দেশের প্রতি আমার আবেগ ও তীব্র ভালোবাসা থেকে গত কয়েকদিনে আমি বাড়াবাড়ি করে ফেলেছি এবং এমন মন্তব্য করেছি, যা উচিত হয়নি। আমি তাই মেসির কাছে ও আর্জেন্টিনার মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখছি, এবার ছিল আমার পালা।’

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের পর আলোচিত ওই ঘটনা ঘটে। ম্যাচটা ২-০ গোলে জেতে দুই বারের চ্যাম্পিয়নরা। মেসি নিজে দারুণ এক গোল করেন।

ম্যাচের পর আর্জেন্টিনার ড্রেসিং রুমের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, আরও নানা কিছুর সঙ্গে মেক্সিকোর একটি জার্সি পড়ে আছে মেসিদের ড্রেসিং রুমে। মেসির ঠিক সামনেই ছিল সেটি। এক পর্যায়ে ওই জার্সিতে পায়ের সামান্য ছোঁয়া লাগে আর্জেন্টাইন অধিনায়কের।

সেই ভিডিও পোস্ট করেই আলভারেজ মেসির বিরুদ্ধে তার দেশের জার্সি অবমাননার অভিযোগ তোলেন।

এদিকে মেসিও মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। বুধবার পোল্যান্ড ম্যাচের পর এনিয়ে প্রশ্ন করা হয় আর্জেন্টিনা অধিনায়ককে। এ সময় তিনি বলেন, ‘আমি দেখেছি সে কী বলেছে। তবে আমার মনে হয়, এটা স্রেফ ভুল বোঝাবুঝি। আমাকে যারা চেনে, তারা জানে যে আমি কাউকে অসম্মান করি না। আমার ক্ষমা চাওয়ার কিছু নেই, কারণ আমি মেক্সিকোর মানুষ, তাদের জার্সি বা কাউকে অসম্মান করিনি।’