৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি, এই প্রথম নন ক্যাডার পদ উল্লেখ

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে নন ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার স্বক্ষরিত বুধবারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নন ক্যাডার পদ ১ হাজার ২২টি বলা হয়েছে। এ ছাড়া সাধারণ ক্যাডারের ২ হাজার ৩০৯ পদে নিয়োগ হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর থেকে এ নিয়োগের আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিসিএসে এই প্রথম নন ক্যাডার পদের কথা উল্লেখ করল পিএসসি। এর আগে পিএসসি বিসিএসের নন ক্যাডার পদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিলে তার বিপক্ষে ৪০তম বিসিএসের নন ক্যাডার এবং ৪১ থেকে ৪৪তম বিসিএস চাকরিপ্রার্থীরা পিএসসির সামনে টানা ১৫ দিন আন্দোলন করে।

৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫৩৯ জন চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, করে ৩০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

নন ক্যাডারের মধ্যে নবম গ্রেডে ৫০৫, দশম গ্রেডে ৬০, ১১ ও ১২তম গ্রেডে ৪৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা ও আবেদন ফি জমা দেওয়া যাবে।