নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর হয়েছে।
বুধবার রাত ১১টা ১ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি হওয়া ওই ব্যক্তির নাম কামাল ওরফে এক্সেল কামাল (৪৭)।
তিনি মাদারীপুরের শিবচর থানার বাহাদুরপুর এলাকার আ. বারেক হাওলাদারের ছেলে। তার বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতয়ালেরবাগ এলাকায়।
কারাগার সূত্রে জানা গেছে, ২০০৪ সালে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন মেম্বার হত্যা মামলায় ২০০৬ সালে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। পরে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখে। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রাখে। গত ২৮ এপ্রিল উক্ত রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়ের করলে রিভিউ পিটিশনেও খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। সবশেষে আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে গত ১ নভেম্বর ২০২২ তারিখে তা না মঞ্জুর হয়। সবশেষ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি আসামি কামাল ওরফে এক্সেল কামালের ফাঁসি কার্যকর করা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সব আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাত ১১টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হয়। এ সময় কারাগারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।