সেই বন্ধু কোস্টারিকাই আজ জার্মানির শত্রু

কোস্টারিকা যেন ২৭ নভেম্বর জার্মানির ‘বন্ধু’ হয়ে আসে। জাপানকে হারিয়ে জার্মানদের বিশ্বকাপ অভিযান টিকিয়ে রাখতে সহযোগিতা করে। কিন্তু আজ সেই ‘বন্ধুই শত্রু’। কোস্টারিকাকে হারিয়েই বিশ্বকাপে টিকে থাকতে হবে জার্মানদের। আবার ভিন্ন দৃষ্টিকোণও আছে। যাদের টিকিয়ে রেখেছিল, বিশ্বকাপে নিজেদের অব্যাহত রাখতে তাদেরই হারাতে হবে কোস্টারিকাকে।

‘ই’ গ্রুপে দু’দলের ম্যাচ তাই অলিখিত ফাইনাল। গ্রুপের অন্য ম্যাচ স্পেন-জাপানের জন্য বাঁচামরার লড়াই নয়। ড্র করলেও হচ্ছে দু’দলের। তখন হাতে হাত রেখে দুই প্রতিপক্ষ উঠে যাবে শেষ ১৬-তে। কিন্তু দুই দলেরই আছে ভিন্ন চিন্তা।

তালিকায় ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্প্যানিশরা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জাপান। কোস্টারিকার পয়েন্টও ৩। তবে ১ পয়েন্ট নিয়ে ধুঁকছে জার্মানি। পয়েন্ট ১ ও কোনো জয় না থাকলেও জার্মানদের আশা হারায়নি। আশাকে সত্যিতে রূপান্তর করতে জয়হীন কোনো পথ নেই জার্মানদের সামনে। একই অবস্থা কোস্টারিকারও। তবে দুই দলকেই বিদায় করে দিতে পারে একটি ড্র। স্পেন-জাপান ড্র করলে স্পেনের ৫ আর জাপানের ৪ পয়েন্ট হবে। তখন কোস্টারিকাকে ১-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট পেলে গোলগড় সমান হবে জার্মানি ও জাপানের। লাভ হবে না। মুখোমুখি লড়াইয়ে জাপানের কাছে হেরে যাওয়ায় বিদায় নিতে হবে জার্মানিকে। তাই আজ স্পেন জার্মানির ‘বন্ধু’ হবে।

জাপানকে হারালে আর জার্মানি কোস্টারিকাকে ২-০তে হারালে দুই ইউরোপিয়ান জায়ান্ট যাবে পরের রাউন্ডে। স্পেন হারলেও ক্ষতি নেই। অন্য দলের সঙ্গে পয়েন্ট সমান হলেও কোস্টারিকাকে ৭ গোল দেওয়ায় তাদের গোলগড় অনেক বেশি। আর কোস্টারিকা জার্মানিকে হারালে, ওদিকে স্পেন জাপানকে হারালে তারা পরের রাউন্ডে সঙ্গী হবে স্প্যানিশদের। এছাড়া নিজেদের ম্যাচ ড্র এবং স্পেন জাপানকে হারালেও চলবে কোস্টারিকার।