এবারও একাদশে ভর্তি ফলাফলের ভিত্তিতে, আবেদন শুরু ৮ ডিসেম্বর

এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। আগামী ৮ ডিসেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের গ্রহণের এই তারিখসহ অন্যান্য বিষয় ঠিক করা হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সভায় অনলাইনে যোগ দেন। 

বৈঠকে উপস্থিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বৈঠকের সিদ্ধান্তের কথা জানান। অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে।

২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন।